ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব শুনানির মাধ্যমে অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে অপরাধী শনাক্ত হলে তাৎক্ষণিক গ্রেপ্তারও করা হতে পারে।
বুধবার (২৫ নভেম্বর) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে এ কর্মসূচি পরিচালিত হবে। নির্যাতনের শিকার রাজনৈতিক দল ও সংগঠনগুলোও এতে অংশ নিতে পারবে। এ বিষয়ে সরকার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, গণশুনানির প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠন এবং আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। শুনানিতে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে।
তিনি আরও বলেন, কোনো ঘটনার মামলা থাকলে সংশ্লিষ্ট নথিপত্র ও রেকর্ড পর্যালোচনা করা হবে। আর মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারগুলোকে চিহ্নিত করা হবে। গণশুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য কোনো মানবতাবিরোধী অপরাধের তথ্য পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা নেওয়া হবে।
গণশুনানির কার্যক্রম যশোর জেলা থেকে শুরুর পরিকল্পনা রয়েছে জানিয়ে মো. আমিনুল ইসলাম বলেন, ২৬ নভেম্বর যশোরে প্রথম কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু করা হবে। তবে আগামী সপ্তাহ থেকেই দেশের কোনো না কোনো জেলায় এ কর্মসূচি চালু হবে।
গণশুনানির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে অসংখ্য ক্রসফায়ার, গুম, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ও মামলা রয়েছে। অনেক পরিবার এসব অপরাধের শিকার হলেও মামলা করেনি। আবার ভুক্তভোগী পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এসব অপরাধে জড়িত অনেক ব্যক্তি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
তিনি বলেন, এসব অপরাধের তথ্য সামনে এনে দায়ীদের আইনের আওতায় আনা এবং ন্যায়বিচার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ‘আমরা মনে করি, এ কর্মসূচির মধ্য দিয়ে দেশে ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন ও ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই, যেন বাংলাদেশে আর কখনো কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না হয়।’
গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে মো. আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত ও অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। একইভাবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও তদন্ত করতে পারে। তাই এ কর্মসূচি আইনসম্মত এবং এর আইনগত ম্যান্ডেট রয়েছে।
Posted ৮:০৮ এএম | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।