ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
মাতৃত্ব যে স্বপ্নপূরণের পথে বাধা নয়, তারই অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। সাত বছর বয়সী কন্যাসন্তান পেনেলোপির মা হয়েও মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতে ইতিহাস গড়েছেন ২৭ বছর বয়সী এই সুন্দরী। প্রতিযোগিতার ৭৫ বছরের ইতিহাসে তিনিই প্রথম মা, যিনি বিশ্বসেরার মুকুট অর্জন করলেন।
মঙ্গলবার রাতে পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে বসে মিস ইউনিভার্সের জমকালো আসর। বিশ্বের ১১৫ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট নিজের করে নেন জেনিফার। মেক্সিকোর সাবেক মিস ইউনিভার্স ফাতিমা বশের হাত থেকে হীরাখচিত মুকুট গ্রহণ করেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা ঘরে তুলল পুয়ের্তো রিকো।
জেনিফারের এই জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, সৌন্দর্য প্রতিযোগিতার প্রচলিত ধারণা ভাঙারও এক উল্লেখযোগ্য ঘটনা। ২০২২ সালে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ নিয়ম পরিবর্তন করে বিবাহিত নারী ও মায়েদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেয়। ২০২৩ সালে প্রথম মা হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন গুয়াতেমালার মিশেল কোন। এবার সেই ধারাবাহিকতায় প্রথম মা হিসেবে বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন জেনিফার।
আন্তর্জাতিক বড় কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই মিস ইউনিভার্সের মঞ্চে উঠে আসেন তিনি। গত ২৫ জুন সান সেবাস্তিয়ানের প্রতিনিধি হিসেবে ৩৪ প্রতিযোগীকে হারিয়ে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো নির্বাচিত হন জেনিফার। সেদিনই সেরা ক্যাটওয়াক, উজ্জ্বল ত্বক ও সেরা হাসির পুরস্কার জিতে নিজের যোগ্যতার প্রমাণ দেন তিনি।
তবে জেনিফারের পরিচয় কেবল সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চেই সীমাবদ্ধ নয়। ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট কাভাজোসে মার্কিন সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে কাজ করছেন তিনি। বর্তমানে প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে ক্ষতিকর আচরণ প্রতিরোধ এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখছেন।
শিক্ষাজীবনেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অর্জন। মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রির পাশাপাশি মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। ট্রমা ইন্টারভেনশন, শিশু সুরক্ষা, পারিবারিক সহিংসতা ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়েও বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
ছয় বছর বয়স থেকেই পেশাদার ভলিবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন জেনিফার। কিন্তু ডান কাঁধে অস্ত্রোপচারের কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। অবসর সময়ে বই পড়ার পাশাপাশি পুয়ের্তো রিকোর শিশু ডায়াবেটিস সমিতির স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করেন তিনি।
চূড়ান্ত পর্বের প্রশ্নোত্তরেও নিজের চিন্তাভাবনা ও নেতৃত্বের দর্শন তুলে ধরেন জেনিফার। বর্তমান সময়ে নেতাদের সবচেয়ে বেশি কী প্রয়োজন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নেতাদের নিজেদের কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করতে হবে। একই সঙ্গে যাদের প্রতিনিধিত্ব করছেন, তাঁদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবিক মূল্যবোধ ধরে রাখার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। তাঁর মতে, এআই দায়িত্বশীলভাবে ব্যবহার করা জরুরি। তবে মানুষের কথা ও কাজের মধ্যে মিল রাখার মূল্যবোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ, দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস এবং তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি। চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
সূত্র: ওপেন ম্যাগাজিন
Posted ৯:৫৩ এএম | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।