ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর মধ্যে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে হামলার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে মার্কিন বাহিনী সীমিত হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবিও করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
শুক্রবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান নতুন একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করেছিল। মার্কিন বাহিনী মাত্র পাঁচ থেকে ১৫ মিনিটের মধ্যে সেটি ধ্বংস করে দিয়েছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশ করে। হরমুজ প্রণালিতে অবস্থিত দ্বীপটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে ইরানের আকাশ প্রতিরক্ষাবাহিনী। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী সেন্টকম জানিয়েছে, পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে।
অন্যদিকে, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবি পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তাঁর দাবি, তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে সম্ভাব্য চুক্তি কিংবা আলোচনার অগ্রগতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হয়েছে—এমন খবর প্রত্যাখ্যান করেছে কাতার। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এ ধরনের ভিত্তিহীন প্রচার যুদ্ধ দীর্ঘায়িত করতে এবং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করতে চাওয়া পক্ষগুলোর স্বার্থ রক্ষা করে।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে কাতার।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ধাক্কার পর ট্রাম্পের নতুন হামলার ঘোষণা সামনে এলো। নির্বাচনের ফলাফলের জন্য তিনি ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন।
এরই মধ্যে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী—এমন খবর প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস। ফলে একদিকে কূটনৈতিক আলোচনার অগ্রগতির দাবি, অন্যদিকে নতুন সামরিক অভিযানের প্রস্তুতির খবরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
সূত্র: আল-জাজিরা।
Posted ৭:২৮ এএম | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।