ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত

দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় একটি অবৈধ স্বর্ণখনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক।
সোমবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশটির নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার প্রত্যন্ত চামবেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিলো জানিয়েছেন, ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
দুর্ঘটনা মোকাবিলায় কাজ করছে পৌর কর্তৃপক্ষ। তবে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অবস্থানের কারণে উদ্ধার ও যোগাযোগ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঘন বনাঞ্চলে ঘেরা সান্তা বারবারা দে ইসকুয়ান্দে এলাকায় নৌকা কিংবা ছোট উড়োজাহাজ ছাড়া যাতায়াত করা কঠিন।
গভর্নর এসকোবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খনিটিকে অনানুষ্ঠানিক খনি হিসেবে উল্লেখ করেছেন। কলম্বিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে অনিয়ন্ত্রিত খনন কার্যক্রম প্রচলিত। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাবে এসব খনিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
এর আগে গত আগস্টে নারিনো বিভাগের পলিকারপা পৌরসভায় একই ধরনের খনি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।
এদিকে, দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পাশে থাকার পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন গভর্নর লুইস আলফোনসো এসকোবার।
Posted ৭:৩৮ এএম | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।