ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, কূটনীতিককে তলব দিল্লির

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   124 বার পঠিত

আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, কূটনীতিককে তলব দিল্লির

উত্তর আরব সাগরে পাকিস্তানি নৌবাহিনীর একটি নৌযানের সঙ্গে ভারতীয় যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর ইউনিটগুলোর ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের’ প্রতিবাদ জানাতে পাকিস্তানি কূটনীতিককে তলব করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিয়মিত নজরদারি মিশনে থাকা ভারতের একটি সামনের সারির যুদ্ধজাহাজের খুব কাছাকাছি চলে আসে পাকিস্তানি একটি নৌযান।

ভারতীয় সূত্রের দাবি, ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে পাকিস্তানি নৌযানটি ভারতীয় জাহাজটির খুব কাছ দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করে। এরপর অনিরাপদভাবে দিক পরিবর্তন করতে থাকলে একপর্যায়ে দুই নৌযানের সংঘর্ষ হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে দুর্ঘটনায় জড়িত দুই জাহাজকেই ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। তবে জাহাজ দুটির সুনির্দিষ্ট পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ভারতীয় সূত্রগুলো বলছে, পাকিস্তানের হুনাইন শ্রেণির একটি করভেটের সঙ্গে ভারতের সামনের সারির একটি যুদ্ধজাহাজের সংঘর্ষ হয়ে থাকতে পারে। ঘটনার সময় সাগর উত্তাল ছিল বলেও দাবি করা হয়েছে।

নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তানি নৌযানের আচরণ ১৯৯১ সালে ভারত-পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ১০ নম্বর ধারার লঙ্ঘন। ওই চুক্তিতে সামরিক মহড়া, সামরিক কৌশল ও সেনা চলাচল বিষয়ে আগাম তথ্য দেওয়ার বিধান রয়েছে।

এ ঘটনায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভারতের প্রতিবাদ তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সামরিক ইউনিটগুলোকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং বিদ্যমান চুক্তির বিধান মেনে চলার কথাও জানানো হয়েছে।

সাদ আহমেদ ওয়ারাইচকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনপথ কার্যালয়ে তলব করা হয়। সেখানে তিনি প্রায় ৩০ মিনিট অবস্থান করেন।

একই সঙ্গে ইসলামাবাদে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভারতের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সূত্রের দাবি, দুই দেশের নৌবাহিনীর মধ্যে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। ২০১১ সালের জুনে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ ‘বাবর’ ও ভারতের যুদ্ধজাহাজ ‘গোদাবরী’র মধ্যেও একই ধরনের ঘটনা ঘটেছিল।

সূত্র: এনডিটিভি ও রয়টার্স

Facebook Comments Box

Posted ৫:৫৬ এএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।