ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 0 বার পঠিত

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য বিরোধ আরও তীব্র হয়েছে। কানাডা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর দেশটি থেকে আমদানি করা গাড়ি, ট্রাক ও যন্ত্রাংশের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ট্রাম্প ঘোষণা দেন, আগামী ১ জানুয়ারি থেকে কানাডা থেকে আমদানি করা গাড়ি, ট্রাক ও গাড়ির যন্ত্রাংশে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। গত সপ্তাহের শেষ দিকে দুই দেশের বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পরই তিনি এ হুমকি দেন।
আলোচনা ভেঙে যাওয়ার জন্য একে অপরকে দায়ী করেছে ওয়াশিংটন ও অটোয়া। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের নতুন শুল্কের হুমকিকে ‘অপ্রত্যাশিত নয়’ বলে মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, ট্রাম্পের লক্ষ্য কানাডার গাড়িশিল্পকে ধ্বংস করা। তবে যুক্তরাষ্ট্র ‘সঠিক মনোভাব’ নিয়ে আলোচনায় ফিরলে কানাডাও আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
এর আগে দুই দেশের কর্মকর্তারা জানিয়েছিলেন, বাণিজ্য আলোচনা আপাতত স্থগিত রয়েছে। নতুন করে কবে আলোচনা শুরু হবে, সে বিষয়ে কোনো তারিখও নির্ধারণ করা হয়নি।
গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে কানাডা বাণিজ্য আলোচনা থেকে সরে যায়। ওই সময়সীমা পার হলে কানাডা থেকে আমদানি করা প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা ছিল।
শুরুতে অবশ্য দুই দেশের অবস্থান ছিল অনেকটাই আশাব্যঞ্জক। নতুন একটি বাণিজ্যচুক্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে আশাবাদও তৈরি হয়েছিল। কিন্তু আলোচনার শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র নতুন কিছু শর্ত সামনে আনায় পরিস্থিতি দ্রুত বদলে যায়।
কানাডার কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের শেষ মুহূর্তের কয়েকটি শর্ত ছিল অগ্রহণযোগ্য। এর মধ্যে কানাডা ভবিষ্যতে কোন কোন দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে পারবে, তা সীমিত করার প্রস্তাবও ছিল। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, শেষ মুহূর্তে পরিবর্তনের প্রস্তাব কানাডাই দিয়েছিল।
সোমবার সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, ‘তারা আরও বেশি চেয়েছিল।’
আলোচনা ভেঙে যাওয়ার পর উত্তেজনা আরও বাড়ে। এর মধ্যেই কানাডার গাড়িশিল্পকে লক্ষ্য করে নতুন শুল্কের হুমকি দিয়েছেন ট্রাম্প। এর আগে কার্নি বলেছিলেন, যুক্তরাষ্ট্র কানাডার পণ্যে যত ডলারের শুল্ক আরোপ করবে, কানাডাও মার্কিন পণ্যে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে।
কার্নি জানিয়েছেন, নতুন মার্কিন শুল্কে ক্ষতিগ্রস্ত কানাডীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা করাই এখন তাঁর প্রধান অগ্রাধিকার। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমিয়ে বাণিজ্যকে আরও বৈচিত্র্যময় করার উদ্যোগ নিচ্ছে কানাডা।
এর অংশ হিসেবে কুইবেকের একটি জাহাজ কারখানায় কানাডীয় কোস্ট গার্ডের জন্য ছয়টি আইসব্রেকার নির্মাণে ১১ বিলিয়ন কানাডীয় ডলার বা ৭.৯৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছেন কার্নি। শীতকালে কানাডার উত্তরাঞ্চল ও আটলান্টিকের জলপথ সচল রাখতে এসব জাহাজ ব্যবহার করা হবে।
এদিকে কানাডার গাড়িশিল্পের প্রধান কেন্দ্র অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল, গ্যাস, বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ খনিজের জন্য কানাডার আরও বেশি দাম নেওয়া উচিত। কীভাবে পাল্টা জবাব দেওয়া যায়, তা নিয়ে কার্নির সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন তিনি।
ফোর্ডের বক্তব্যের জবাবে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তাঁকে কটাক্ষ করেন। তিনি কানাডাকে সতর্ক করে বলেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
কানাডার সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৬০ শতাংশ আসে কানাডা থেকে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস রপ্তানির প্রায় পুরো অংশেরও অংশীদার কানাডা।
দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর আশঙ্কা, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক এবং আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া কানাডার পাল্টা শুল্ক উভয় দেশের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই বাণিজ্য বিরোধের প্রভাব উত্তর আমেরিকার আরেক দেশ মেক্সিকোর ওপরও পড়তে পারে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান ইউএসএমসিএ বাণিজ্যচুক্তির ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
কানাডা ও মেক্সিকো চুক্তিটির মেয়াদ আরও ১৬ বছর বাড়াতে চাইলেও যুক্তরাষ্ট্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে চুক্তিটি নবায়ন করা হবে না। ইউএসএমসিএর আওতায় উত্তর আমেরিকায় প্রায় ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়।
অক্সফোর্ড ইকোনমিকসের অর্থনীতিবিদেরা সতর্ক করেছেন, বাণিজ্য উত্তেজনা যত বাড়ছে, ইউএসএমসিএ ভেঙে পড়ার ঝুঁকিও তত বাড়ছে। এমন পরিস্থিতি তৈরি হলে কানাডা মন্দার মুখে পড়তে পারে এবং দীর্ঘ মেয়াদে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমে যেতে পারে।
সূত্র: বিবিসি
Posted ৭:২৭ এএম | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।