ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত

কানাডার ফেডারেল সরকারের জনবল গত দুই বছরে ২৩ হাজারেরও বেশি কমেছে। সরকারি ব্যয় কমানো ও জনবল পুনর্গঠনের উদ্যোগের মধ্যেই এই হ্রাস ঘটেছে বলে সংসদীয় বাজেট কর্মকর্তা (পিবিও)-এর সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ফেডারেল সরকারের কর্মীর সংখ্যা প্রায় ৩ লাখ ৪৫ হাজারে নেমে এসেছে। দুই বছর আগের তুলনায় এই সংখ্যা প্রায় ৬ দশমিক ৫ শতাংশ কম।
সবচেয়ে বেশি কর্মী কমেছে কানাডা রেভিনিউ এজেন্সি (সিআরএ), ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি), এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা এবং হেলথ কানাডায়। তবে ন্যাশনাল ডিফেন্সসহ কয়েকটি বিভাগে কর্মীর সংখ্যা বেড়েছে।
জনবল কমানোর প্রভাব পড়েছে মেয়াদি ও স্থায়ী কর্মী, শিক্ষার্থী এবং ক্যাজুয়াল কর্মী—সব শ্রেণির ওপর। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক বছরেও ফেডারেল পাবলিক সার্ভিসের আকার আরও কমিয়ে প্রায় ৩ লাখ ৩০ হাজারে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
জনবল কমানোর অংশ হিসেবে আর্লি রিটায়ারমেন্ট ইনসেনটিভ (ইআরআই) কর্মসূচিও চালু করেছে সরকার। ২৪ জুলাই ২০২৬ পর্যন্ত এই কর্মসূচিতে মোট ১০ হাজার ৬টি আবেদন জমা পড়ে।
সরকারি তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৯ হাজার ৪৩৮টি আবেদন অনুমোদনের জন্য যোগ্য হিসেবে নিশ্চিত হয়েছে। এ ছাড়া ৬৮টি আবেদন প্রত্যাখ্যান এবং ১৯৬টি আবেদন বাতিল বা বন্ধ হয়েছে।
ইআরআই কর্মসূচির আওতায় যোগ্য কর্মীরা সাধারণত যে পেনশন-হ্রাসের মুখোমুখি হতেন, তা ছাড়াই আগাম অবসরের সুযোগ পাচ্ছেন। কর্মসূচির আওতায় সর্বশেষ অবসরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি ২০২৭।
সরকারের ভাষ্য, জনবল কমানোর ক্ষেত্রে স্বেচ্ছায় অবসর, স্বাভাবিক কর্মী-প্রবাহ ও অন্যান্য স্বেচ্ছামূলক ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিভাগে কর্মীকাঠামো পুনর্গঠন করা হচ্ছে।
Posted ৬:৫৮ এএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।