| শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 182 বার পঠিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের হামলায় আরও বহু মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ভূখণ্ডটির রাফাহ শহরে ইসরায়েলি বর্বর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। নিহত মধ্যে নারী ও শিশু রয়েছে।
মূলত শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েল হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। শুক্রবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরের কুয়েত স্পেশালিটি হাসপাতালের কাছে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কুয়েত হাসপাতালের কাছে বৃহস্পতিবার ইসরায়েলি এই হামলার পর আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আজজুম বলেছেন, ‘ইসরায়েলি ওই বিমান হামলায় আবাসিক ভবনটি সম্পূর্ণরূপে মাটিতে মিশে গেছে। এই ভবনটি বাস্তুচ্যুত লোকে পূর্ণ ছিল।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স কর্মী এবং সিভিল ডিফেন্স টিমের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচ থেকে লোকদের টেনে বের করে আনার কাজ অব্যাহত রয়েছে।’
আল জাজিরা বলছে, বৈশ্বিক ক্ষোভ এবং ক্রমবর্ধমান মৃতের সংখ্যার মধ্যে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও বৃহস্পতিবার গাজার বেত লাহিয়া, খান ইউনিস, রাফাহ এবং মাগাজিকে লক্ষ্য করে ইসরায়েল ব্যাপক হামলা চালিয়েছে।
অবরুদ্ধ এই ভূখণ্ডের ফিলিস্তিনিরা বলছেন, তাদের পালিয়ে যাওয়ার জন্য কোনও নিরাপদ জায়গা নেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বৃহস্পতিবার বলেছেন, গত ২৪ ঘণ্টায় ২০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন এবং অনেকের পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।
Posted ৫:৪১ এএম | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।