ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

‘এশিয়ার নোবেল’খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার-২০২৬ পেয়েছেন বাংলাদেশের বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।

সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন চলতি বছরের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে। রুনা খানের সঙ্গে এ বছর পুরস্কার পেয়েছেন সিঙ্গাপুরের টমি কোহ ও মিয়ানমারের বো চি।

র‍্যামন ম্যাগসাইসাই ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৫৭ সালের ১৭ মার্চ এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। একই বছর প্রতিষ্ঠিত হয় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এবং ১৯৫৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়।

প্রতিবছর ৩১ আগস্ট ম্যাগসাইসাইয়ের জন্মদিনে ম্যানিলা থেকে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর তার ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো।

আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

ফাউন্ডেশনের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের বিজয়ীদের এমন কাজের স্বীকৃতি হিসেবে নির্বাচিত করা হয়েছে, যা র‍্যামন ম্যাগসাইসাইয়ের নেতৃত্বের চিরস্থায়ী মূল্যবোধকে ধারণ করে। এর মধ্যে রয়েছে মানুষের সেবা, বিভিন্ন সম্প্রদায়ের জন্য সুযোগ তৈরি এবং মানুষকে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে সহায়তা করা।

রুনা খান ২০০২ সালে ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠা করেন। সংস্থাটি দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক সমস্যা মোকাবিলা এবং চরম দারিদ্র্য, বৈষম্য, অবিচার ও পরিবেশগত সংকট মোকাবিলায় কাজ করে আসছে।

ফ্রেন্ডশিপের লক্ষ্য—বিশেষ করে যেসব মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছানো কঠিন, তাদের মর্যাদা ও আশার সঙ্গে বেঁচে থাকার সমান সুযোগ তৈরি করা। দুই দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ বিভিন্ন দেশে এ লক্ষ্য নিয়ে কাজ করছে।

২০০৯ সাল থেকে র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার কোনো নির্দিষ্ট শ্রেণিতে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হচ্ছে। এর আগে সরকারি সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা-সাহিত্য-সৃজনশীল যোগাযোগকলা, শান্তি ও আন্তর্জাতিক বোঝাপড়া এবং উদীয়মান নেতৃত্ব—এই ছয়টি শ্রেণিতে পুরস্কার দেওয়া হতো।

Facebook Comments Box

Posted ৬:৫৩ এএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।