ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২২; আরও বড় কম্পনের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২২; আরও বড় কম্পনের আশঙ্কা

জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আরও শক্তিশালী কম্পনের আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে আগামী এক সপ্তাহের জন্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে। মূল ভূমিকম্পের পর কয়েক দফা ছোট কম্পনও অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচারে, ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে। সবচেয়ে শক্তিশালী কম্পন অনুভূত হয় আইচি প্রিফেকচারে। এ ছাড়া হামামাতসু শহর, কিয়োটো, নারা, ইয়ামানাশি ও গিফুসহ বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব পড়ে। তবে রাজধানী টোকিওতে কম্পন অনুভূত হয়নি।

জাপানের টেলিভিশনে প্রচারিত ফুটেজে বিভিন্ন দোকানের ভাঙা জানালা ও রাস্তায় ছড়িয়ে থাকা কাচের টুকরা দেখা গেছে। একটি বইয়ের দোকানে তাক থেকে বই পড়ে মেঝেতে স্তূপ হয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজন আতঙ্কে ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে যান।

ভূমিকম্পের পর আগামী এক সপ্তাহ বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই থেকে তিন দিন আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কায় জরুরি প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের বলেন, সম্ভাব্য ভূমিধস, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়া এবং বৃষ্টিপাতের প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে হবে। তবে নানকাই ট্রফ প্লেট এলাকায় এখন পর্যন্ত অস্বাভাবিক কোনো পরিবর্তন শনাক্ত হয়নি। বিজ্ঞানীদের আশঙ্কা, ভবিষ্যতে এ এলাকায় বড় ধরনের ভূমিকম্প হতে পারে।

এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিনকানসেন বুলেট ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। ভূমিকম্পে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে কর্তৃপক্ষ নিয়মিত নাগরিকদের জরুরি প্রস্তুতি রাখার পরামর্শ দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে বোতলজাত পানি, খাবার ও ব্যাটারি মজুত রাখা এবং ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করা।

তথ্যসূত্র: এপি

Facebook Comments Box

Posted ৭:৩২ এএম | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।