ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা, ‘কিং’-এ থাকছে বড় চমক

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   174 বার পঠিত

১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা, ‘কিং’-এ থাকছে বড় চমক

দীর্ঘ ১৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’-এর পর আর কোনো পূর্ণাঙ্গ প্রজেক্টে একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। এবার শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে একসঙ্গে হাজির হচ্ছেন তারা।

জানা গেছে, শচীন-জিগারের সুর করা গানটির সম্ভাব্য নাম ‘ড্যাডি কুল’। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় টানা পাঁচ দিন ধরে গানটির শুটিং করার কথা রয়েছে শাহরুখ ও কারিনার।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বড় পরিসরে নির্মাণ করা হচ্ছে গানটি। এতে ভারতীয় শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের কোনো সংগীত তারকার কণ্ঠও থাকতে পারে। গানটিতে শাহরুখ ও কারিনাকে দেখা যাবে একেবারেই ভিন্ন সাজ ও লুকে।

নির্মাতাদের প্রত্যাশা, গানটি এ বছরের অন্যতম আলোচিত গান হয়ে উঠবে। পাশাপাশি ‘কিং’-এর অন্যতম বড় চমক হিসেবেও এটি দর্শকদের সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে।

শাহরুখ-কারিনা জুটির পুরোনো রসায়ন বরাবরই দর্শকদের কাছে জনপ্রিয়। ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘রা.ওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এছাড়া ‘ডন’ ও ‘বিল্লু’ সিনেমায় অতিথি চরিত্রেও শাহরুখের সঙ্গে দেখা গেছে কারিনাকে।

দীর্ঘ বিরতির পর দুই তারকার পুনর্মিলনের খবরে উচ্ছ্বসিত ভক্তরা। বিশেষ করে ‘রা.ওয়ান’-এর ‘ছম্মক ছাল্লো’ ও ‘ক্রিমিনাল’-এর মতো গানে শাহরুখ-কারিনার রসায়ন এখনো দর্শকদের মনে রয়েছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ নির্মিত হচ্ছে বড় বাজেটে। প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটিতে মূল চরিত্রে থাকছেন শাহরুখ খান। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার মেয়ে সুহানা খানেরও।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অভয় ভার্মা।

আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

Posted ৬:২০ এএম | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।