খেলাধুলা ডেস্ক | বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

লড়াইটা শেষ কয়েক মাস ধরেই দারুণ জমজমাট। প্রিমিয়ার লিগের শিরোপা লন্ডনে যাবে নাকি ম্যানচেস্টারে– সে নিয়ে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। গত সোমবার রাতে মার্সেসাইড নদীর তীরে হয়তোবা ট্রফির গতিপথ নির্ধারিত হয়ে গেছে। কয়েক সপ্তাহ ধরে অদম্য হয়ে ওঠা ম্যানচেস্টার সিটি হিল ডিকসন স্টেডিয়ামে ৩-৩ গোলে ড্র করেছে এভারটনের সঙ্গে। এই ড্র এভারটন শিবিরে যতটা না কম্পন তুলেছে, তার চেয়ে বেশি উৎসবের রং ছড়িয়েছে লন্ডনে গানার শিবিরে।
সিটি পয়েন্ট হারানোয় ২২ বছরের শিরোপা খরা ঘুচানোর সুবাস পাচ্ছে আর্সেনাল। আপাতত ৩৫ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭৬। আর ৩৪ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৭১। এখন অবশিষ্ট তিনটি ম্যাচ জিতলে ২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন হবে মিকেল আর্তেতার দল। আর সিটিকে শুধু অবশিষ্ট চারটি ম্যাচ জিতলেই হবে না, আর্সেনালের পয়েন্ট হারানোর প্রার্থনাও করতে হবে। তাই বলা যায়, সিটির এই ড্রতে কয়েক সপ্তাহ ধরে টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে চলা লিগ শিরোপা লড়াইয়ের লাগাম গানারদের হাতে চলে গেল। এ ছাড়া আর্সেনাল তিন ম্যাচের দুটি ঘরের মাঠে খেলবে। ওই দু্ই ম্যাচের প্রতিপক্ষও রেলিগেশন জোনে থাকা ওয়েস্ট হাম ও বার্নলি। শুধু ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। সিটি চার ম্যাচের তিনটিই ঘরের মাঠে খেলবে। তবে তাদের প্রতিপক্ষ বোর্নমাউথ, অ্যাস্টন ভিলার মতো শক্তিশালী দল।
সোমবার রাতে জেরেমি ডোকুর দুর্দান্ত গোলে সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল সিটি। কিন্তু ৬৮ থেকে ৮১– এই ১৩ মিনিটের মহাবিপর্যয়ে ম্যাচটা হারতে বসেছিল পেপ গার্দিওলার দল। এই সময় আচমকা তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল সিটির রক্ষণ। যার শুরুটা হয় মার্ক গেহির একটি ভুল থেকে। গত জানুয়ারিতে সিটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৩১ ম্যাচে মাত্র তিনটি ভুল করেছেন তিনি। এই তিনটির মধ্যে সম্ভবত সোমবার রাতের ভুলটির জন্য সবচেয়ে বেশি মূল্য চুকাতে হবে সিটিকে। তাঁর এই ভুল ব্যাক পাস ধরে অনায়াসে সমতা ফেরান ব্যারি। মিনিট পাঁচেক পর ভুল করেছিলেন সিটির অন্য ডিফেন্ডার কুশানভ। এবার অবশ্য গেহি ছুটে এসে কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেছিলেন। কিন্তু কর্নার থেকে ঠিকই গোল করেন জ্যাক ও’ব্রায়ান। ৮১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ব্যারি গোল করে বসলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় এভারটন। ২ মিনিট পর হালান্ড ব্যবধান কমান। একেবারে অন্তিম মুহূর্তে সমতা ফেরান জেরেমি ডোকু।
এই ড্র সিটির জন্য হারের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। এই ড্রয়ে যে তাদের হাত থেকে লিগ শিরোপার লাগাম ছুটে গেছে, তা অকপটে স্বীকার করেছেন সিটি বস গার্দিওলা, ‘হারের চেয়ে এটা (ড্র) ভালো। এতে বোঝা যায় তারা কেমন দল। শিরোপা এখন আর আমাদের হাতে নেই। আগে ছিল, এখন নেই।’
Posted ৩:১৯ এএম | বুধবার, ০৬ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।