ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আরএসএসের অনুষ্ঠান, যুক্তরাষ্ট্রে তুমুল বিতর্ক

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আরএসএসের অনুষ্ঠান, যুক্তরাষ্ট্রে তুমুল বিতর্ক

ভারতের ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) একটি অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। আগামী শনিবার নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে (এমএসজি) আয়োজিত অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানটির বিরোধিতা করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানীসহ বিভিন্ন স্থানীয় সংগঠন ও ব্যক্তি। অন্যদিকে আয়োজকদের পক্ষে সরব হয়েছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী ম্যারি মিলবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিলবেন মামদানী ও তাঁর সমর্থকদের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরোধিতার কারণেই তারা ভাগবতের অনুষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অনুষ্ঠানটি যথারীতি অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

মিলবেন আরও বলেন, মামদানী ও তাঁর অনুসারীরা চাইলে নিজেদের অর্থ সংগ্রহ করে এমএসজি ভাড়া নিয়ে মোদিবিরোধী সমাবেশ আয়োজন করতে পারেন। পাশাপাশি ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে অর্থবহ আলোচনা আয়োজনের আহ্বান জানান তিনি।

ভারতীয় সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠতার জন্য পরিচিত মিলবেন ২০২৩ সালে নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটনের রোনাল্ড রেগান বিল্ডিংয়ে তাঁর ভাষণের আগে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করেছিলেন। ‘জন গণ মন’ ও ‘ওম জয় জগদীশ হরে’ গেয়েও তিনি ভারতে জনপ্রিয়তা পেয়েছেন।

‘আমি অনুষ্ঠানটি সমর্থন করি না’

আরএসএসের আয়োজন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী। তিনি বলেন, তিনি এই সমাবেশকে সমর্থন করেন না। তবে এটি একটি ব্যক্তিগত অনুষ্ঠান হওয়ায় তা বাতিল করার ক্ষেত্রে নিউইয়র্ক সিটির আইনগত ক্ষমতা রয়েছে কি না, তা তাঁর জানা নেই।

মামদানীর ভাষ্য, তাঁর পরিবার তাঁকে এমন একটি ভারতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, যেখানে ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদ ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে বর্জন ও একচেটিয়া ভাবধারার ওপর ভিত্তি করে একটি আন্দোলনের উত্থান তাঁকে উদ্বিগ্ন করছে।

আয়োজকদের দাবি, ‘একত্ব উদযাপন’

অনুষ্ঠানের আয়োজক ‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ জানিয়েছে, বেশ কয়েকটি হিন্দু-আমেরিকান সংগঠনের সমর্থনে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। তাদের দাবি, যৌথ ঐতিহ্য ও আন্তধর্মীয় সম্প্রীতি উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজকদের ওয়েবসাইটে অনুষ্ঠানটিকে ‘সার্বজনীন একত্ব উদযাপন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে হিন্দু-আমেরিকান সম্প্রদায়ের বিভিন্ন অংশকে একত্রিত করার পরিকল্পনা রয়েছে।

তবে মোহন ভাগবতের উপস্থিতি এবং আরএসএসের বিতর্কিত রাজনৈতিক ইতিহাসের কারণে নিউইয়র্কের বেশ কয়েকটি স্থানীয় সংগঠন অনুষ্ঠানটির সমালোচনা করেছে। ফলে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের এই আয়োজনকে ঘিরে ভারতীয় রাজনীতি, হিন্দুত্ববাদ ও ধর্মীয় বহুত্ববাদ নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৩৭ এএম | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।