ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

কিলিয়ান এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে স্বাগতিকদের হয়ে অন্য গোলটি করেন ভিনিসিউস জুনিয়র।
ম্যাচের শুরুতে অবশ্য আক্রমণে এগিয়ে ছিল সোসিয়েদাদ। ১১তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের শট দারুণ দক্ষতায় পা দিয়ে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক তিবো কোর্তোয়া। এরপর ভিনিসিউসও সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি।
৪০তম মিনিটে ফেদে ভালভের্দের দুর্দান্ত পাস নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের বাধা এড়িয়ে নিখুঁত শটে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। তবে চার মিনিট পরই রক্ষণভাগের ভুলে সমতায় ফেরে সোসিয়েদাদ। ক্রোয়াট মিডফিল্ডার আন্দ্রেই সুচিচ কোনাকুনি শটে পরাস্ত করেন কোর্তোয়াকে।
বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় রিয়াল। ৬০তম মিনিটে জুড বেলিংহ্যামের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে।
এর আট মিনিট পর ব্যবধান বাড়ান ভিনিসিউস। সোসিয়েদাদের রক্ষণে ভুলের সুযোগ নিয়ে বেলিংহ্যাম বল কেড়ে গোলমুখে পাস বাড়ালে সহজ টোকায় বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৮০তম মিনিটে ভিনিসিউসের থ্রু বল ধরে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে পরের দুই অবস্থানে আছে সেভিয়া ও রিয়াল বেতিস।
Posted ১:১০ এএম | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।