নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি থেকে রক্ষা করতে ২ কোটি কেওড়া গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
বুধবার বিকেলে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের সুরক্ষায় উপকূলীয় এলাকায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃক্ষরোপণের ফলে তাপমাত্রা কমবে, বৃষ্টিপাত বাড়বে এবং বিভিন্ন রোগবালাই ও মহামারি নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
তিনি বলেন, বর্তমানে দেশজুড়ে বৃক্ষরোপণের মহোৎসব চলছে। অঞ্চলভেদে উপযোগী বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হচ্ছে। এরই মধ্যে সারা দেশে ৩ কোটি ৫ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসে আরও ২ কোটি চারা রোপণ করা হবে।
শেখ ফরিদুল ইসলাম বলেন, বীজ সংগ্রহ করে সেগুলো থেকে চারা উৎপাদন করা হচ্ছে। উপকূলীয় এলাকাজুড়ে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে। এতে চলতি বছরেই দেশে ৫ কোটির বেশি গাছ রোপণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার অত্যন্ত আন্তরিক। তাই বৃক্ষরোপণের ক্ষেত্রে উপকূলীয় অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি থেকে উপকূলের মানুষকে রক্ষায় ম্যানগ্রোভ বন ও গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তরুণ প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ বাড়ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এটি পরিবেশ সুরক্ষার জন্য ইতিবাচক দিক।
অনুষ্ঠানে কোস্ট গার্ড সদর দপ্তরের কর্মকর্তা ক্যাপ্টেন মো. মেহেদী হাসান, কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. মহসিন রেজা এবং রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা আনোয়ারুল আজিম উপস্থিত ছিলেন।
Posted ২:১৬ পিএম | বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।