ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত

দেউলিয়া হয়ে ১৫ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া পর্তুগালের ক্লাব এস্ত্রেলা দা অ্যামাদোরা এখন খেলছে দেশটির শীর্ষ ফুটবল লিগে। পুনর্জাগরণের গল্পে এবার যুক্ত হয়েছে নতুন অধ্যায়। তিন বিশ্বকাপজয়ী তারকাসহ চার ফুটবলার মিলে ক্লাবটির ৯০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন।
বিনিয়োগকারী আন্তর্জাতিক কনসোর্টিয়ামে রয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী টমাস মুলার ও ম্যাটস হুমেলস, ফ্রান্সের বিশ্বকাপজয়ী লুকাস এরনঁদেজ এবং সুইজারল্যান্ডের গোলকিপার ইয়ান সমের।
মঙ্গলবার এস্ত্রেলা দা অ্যামাদোরা জানিয়েছে, সাবেক মালিক ও সভাপতি পাউলো লোপোর কাছ থেকে ৪ কোটি ইউরোতে ৯০ শতাংশ শেয়ার কিনেছে কনসোর্টিয়ামটি। ২০২০ সালে মাত্র ৭২ হাজার ইউরোতে ক্লাবটি কিনেছিলেন লোপো।
‘অ্যাডভান্টেজ’ ও ‘লিড’ গ্রুপের নেতৃত্বে থাকা কনসোর্টিয়ামে বিনিয়োগকারী হিসেবে রয়েছে ‘কেআই’ গ্রুপও।
মুলার ও হুমেলস ছিলেন ২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মানি দলের সদস্য। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন এরনঁদেজ। আর সমের সুইজারল্যান্ডের হয়ে তিনটি বিশ্বকাপে খেলেছেন।
চার ফুটবলারের মধ্যে রয়েছে বায়ার্ন মিউনিখের যোগসূত্রও। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে সবাই জার্মান ক্লাবটির হয়ে খেলেছেন। মুলার বর্তমানে যুক্তরাষ্ট্রের ভ্যানকুভার হোয়াইটক্যাপসে এবং এরনঁদেজ খেলছেন পিএসজিতে।
হুমেলস ২০২৫ সালে অবসর নেওয়ার আগে বায়ার্ন ও বরুশিয়া ডর্টমুন্ডে দুই দফায় মোট ১৮ বছর খেলেছেন। পরে রোমায় এক মৌসুম কাটিয়ে পেশাদার ফুটবলকে বিদায় জানান। সমের বায়ার্ন ও ইন্টার মিলানের হয়ে খেলার পর বর্তমানে ক্লাব ব্রুগের গোলপোস্ট সামলাচ্ছেন। ৩৭ বছর বয়সী এই গোলকিপার সুইজারল্যান্ডের হয়ে খেলেছেন ৯৪টি ম্যাচ।
১৯৩২ সালে প্রতিষ্ঠিত এস্ত্রেলা দা অ্যামাদোরা ২০১১ সালে দেউলিয়া হয়ে যায়। ২০২০ সালে সিন্ত্রার সঙ্গে একীভূত হয়ে নতুনভাবে যাত্রা শুরু করে ক্লাবটি। তৃতীয় বিভাগ থেকে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে দ্রুত সাফল্য পেয়ে ২০২৩ সালে পর্তুগালের শীর্ষ লিগে জায়গা করে নেয় তারা।
এবার চার তারকা ফুটবলারের মালিকানায় আরও বড় স্বপ্ন দেখছে লিসবনের উপকণ্ঠের এই ক্লাব।
Posted ১১:৩৭ এএম | বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।