ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত

মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি। বাবার মৃত্যুর পর এটিই তার প্রথম গোল। মায়ামির হয়ে অন্য গোলটি করেন ড্যানিয়েল পিন্টার। তবে শেষ পর্যন্ত সমতাসূচক গোল করে মায়ামিকে জয়বঞ্চিত রাখে ফিলাডেলফিয়া।
ম্যাচের ১১তম মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। তবে ১০ মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে গোল করেন পিন্টার।
এর পাঁচ মিনিট পর ডি-বক্সের ভেতরে ডান দিকে মেসিকে খুঁজে নেন ইয়ান ফ্রে। বাম পায়ের চমৎকার কাজ দেখিয়ে ফিলাডেলফিয়ার তিন ডিফেন্ডারকে বোকা বানান মায়ামি অধিনায়ক। এরপর বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। চলতি লিগে এটি মেসির ১৩তম গোল।
৫৮তম মিনিটে নিল পিয়েরের হেডে সমতায় ফেরে ফিলাডেলফিয়া। এর তিন মিনিট পর আবারও গোল করে স্বাগতিকরা। তবে আক্রমণের শুরুতে পিয়েরে অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়ে যায়।
ম্যাচের শেষ দিকে ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন কুইন সুলিভান। এ ঘটনাকে কেন্দ্র করে মায়ামির এক ফুটবলারের সঙ্গে তার বচসা বাধে। ভাইকে বাঁচাতে এগিয়ে এসে মারামারিতে জড়িয়ে পড়েন কাভান সুলিভান।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কাভান সুলিভান ও মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখান রেফারি। কুইন সুলিভানকে দেখানো হয় হলুদ কার্ড। ফলে বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাইয়ের জন্য ম্যাচটি খুব একটা স্মরণীয় হয়নি।
এই ড্রয়ে শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মায়ামির ব্যবধান আরও বেড়েছে। ২০ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে মায়ামির সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৪৬।
Posted ৬:৫১ এএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।