ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে ইরান। চলতি বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বাস্তুচ্যুত লেবাননের নাগরিকদের সহায়তায় এ অর্থ পাঠানো হয়েছে বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার (৭ অক্টোবর) অর্থ স্থানান্তরের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
তবে ইরান থেকে হিজবুল্লাহকে অর্থ দেওয়ার এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, ‘এই অর্থ সেখানে নেই।’
হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ তুলে টমি পিগট বলেন, ইরান থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ আসার ভুয়া গল্প ছড়িয়ে নিজেদের মুখ রক্ষার চেষ্টা করছে সংগঠনটি।
অন্যদিকে, হিজবুল্লাহর একজন দায়িত্বশীল প্রতিনিধি ইরান থেকে আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তাজনিত কারণে অর্থের উৎস, স্থানান্তরের পদ্ধতি কিংবা কোন মাধ্যমে অর্থ লেবাননে পৌঁছেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
রয়টার্সের সূত্রগুলো জানিয়েছে, প্রাপ্ত অর্থের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত পরিবারগুলোর মধ্যে নগদ সহায়তা হিসেবে বিতরণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার পরিবারকে পরিবারপ্রতি ৩ হাজার মার্কিন ডলার দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইসরায়েলি সামরিক অভিযানে যেসব পরিবারের বাড়িঘর বা পুরো গ্রাম ধ্বংস হয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। একইভাবে সামরিক উপস্থিতির কারণে যেসব এলাকা এখনো বসবাসের অনুপযোগী, সেসব এলাকার বাসিন্দারাও সহায়তার আওতায় থাকবেন।
তবে বিপুল এই অর্থ কীভাবে নিরাপত্তাবেষ্টিত ও গোপন প্রক্রিয়ায় লেবাননে পৌঁছেছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অর্থের গতিপথ প্রকাশ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও নেটওয়ার্কগুলো নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
Posted ৬:৪৪ এএম | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।