ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষস্থান হারিয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম আট মাসে রপ্তানি কমে যাওয়ায় তৃতীয় অবস্থানে নেমে গেছে দেশটি। বাংলাদেশের জায়গা দখল করেছে চীন।
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বরাবরের মতোই শীর্ষে রয়েছে ভিয়েতনাম। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। বুধবার (৭ অক্টোবর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অটেক্সার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে ৫৩৯ কোটি ৩৪ লাখ (৫.৩৯ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি কমেছে ৪ দশমিক ৪৩ শতাংশ।
অন্যদিকে, একই সময়ে চীন যুক্তরাষ্ট্রে ৫৬৩ কোটি ৭ লাখ (৫.৬৩ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি করেছে। তবে চীনের রপ্তানিও গত বছরের একই সময়ের তুলনায় ৩৯ দশমিক ৩৯ শতাংশ কমেছে।
চলতি বছরের প্রথম সাত মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৪৬৫ কোটি ৮৯ লাখ (৪.৬৬ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি করেছিল। ওই সময়ে রপ্তানি কমেছিল ৬ দশমিক ৫০ শতাংশ। একই সময়ে চীন রপ্তানি করেছিল ৪৫৫ কোটি ৫৭ লাখ (৪.৫৫ বিলিয়ন) ডলারের পোশাক, যা আগের বছরের জানুয়ারি-জুলাইয়ের তুলনায় ৩৪ দশমিক ২১ শতাংশ কম।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বাজার
একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ২০ শতাংশ আসে দেশটি থেকে।
২০২২ সালে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৩৬ শতাংশ বেড়ে ৯৭৩ কোটি (৯.৭৩ বিলিয়ন) ডলারে পৌঁছেছিল। তবে ২০২৩ সালে রপ্তানি ২৫ শতাংশ কমে ৭২৯ কোটি ডলারে নেমে আসে।
২০২৪ সালে রপ্তানি সামান্য বেড়ে ৭৩৪ কোটি ডলারে দাঁড়ায়। এ বছর প্রবৃদ্ধি ছিল দশমিক ৭৫ শতাংশ। ২০২৫ সালে রপ্তানি প্রায় ১২ শতাংশ বেড়ে ৮২০ কোটি ডলারে পৌঁছায়।
যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানিও কমেছে
অটেক্সার পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি-আগস্ট সময়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা মোট ৪ হাজার ৯০৭ কোটি ৫৫ লাখ (৪৯.০৭ বিলিয়ন) ডলারের তৈরি পোশাক আমদানি করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ আমদানি কমেছে ৭ দশমিক ৪২ শতাংশ।
গত বছরের প্রথম আট মাসে যুক্তরাষ্ট্র ৫ হাজার ৩০০ কোটি ৮২ লাখ (৫৩ বিলিয়ন) ডলারের পোশাক আমদানি করেছিল।
চলতি বছরের প্রথম আট মাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পোশাক সরবরাহকারী ছিল ভিয়েতনাম। দেশটি থেকে আমদানিও শূন্য দশমিক ৭৬ শতাংশ কমেছে। গত বছরের একই সময়ে ভিয়েতনাম থেকে ১১০৫ কোটি ৯২ লাখ ডলারের পোশাক আমদানি করেছিল যুক্তরাষ্ট্র। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১০৯৭ কোটি ৫৬ লাখ ডলারে।
ফলে যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে চীন।
Posted ৬:২০ এএম | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।