ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মেক্সিকোর কারাগারে দাঙ্গায় নিহত ১০, আহত ১৬

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   109 বার পঠিত

মেক্সিকোর কারাগারে দাঙ্গায় নিহত ১০, আহত ১৬

মেক্সিকোর সহিংসতাপ্রবণ সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন বন্দি ও একজন অপ্রাপ্তবয়স্ক দর্শনার্থী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ বন্দি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বন্দরনগরী মাজাতলানের এল কাস্তিয়ো কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে বন্দিদের সাক্ষাতের সময় এ সংঘর্ষ ঘটে।

সিনালোয়ার জননিরাপত্তা সচিব সিনুহে তেলেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বলেন, দাঙ্গায় নয়জন বন্দি ও কারাগারে দেখা করতে আসা এক অপ্রাপ্তবয়স্ক দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৬ জন বন্দি।

তিনি জানান, দাঙ্গার কারণ অনুসন্ধানে সরকারি কৌঁসুলিরা তদন্ত করবেন। বর্তমানে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের সময় বন্দিরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন। তবে হতাহতের ঘটনা কীভাবে ঘটেছে, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড, নৌবাহিনী ও রাজ্যের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কারাগারে প্রবেশ করেন।
মাদক কার্টেলের দ্বন্দ্বে বাড়ছে সহিংসতা

ক্যানবেরা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে সহিংসতা বেড়েছে। এর পেছনে রয়েছে মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের দুই পক্ষের মধ্যে ক্ষমতার লড়াই।

এক পক্ষে রয়েছেন দণ্ডিত সাবেক মাদক সম্রাট হোয়াকিন ‘এল চাপো’ গুজমানের ছেলেরা, যারা ‘লস চাপিতোস’ নামে পরিচিত। অন্য পক্ষে রয়েছেন আটক আরেক সাবেক কার্টেল নেতা ইসমায়েল ‘এল মায়ো’ সাম্বাদার অনুসারীরা।

নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর যে ছয়টি অঙ্গরাজ্যে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে, সিনালোয়া তার একটি।

মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মেক্সিকো সরকারের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চাপের মধ্যেই এ দাঙ্গার ঘটনা ঘটল।

এর আগে গত মে মাসেও সিনালোয়ার রাজধানী কুলিয়াকানের একটি কারাগারে দাঙ্গা হয়েছিল। ওই ঘটনায় সাত বন্দি নিহত ও একজন আহত হন।
মেক্সিকোর কারাগারে বন্দি ২ লাখ ৬১ হাজারের বেশি

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকোয় মোট ২৭৬টি কারাগার রয়েছে। এর মধ্যে ১৪টি কেন্দ্রীয় ও ২৪৯টি রাজ্য পরিচালিত কারাগার। বাকি ১৩টি কারাগারের পরিচালনাব্যবস্থা সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ নেই।

চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির কারাগারগুলোতে বন্দির সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৩৮৮ জন।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

Facebook Comments Box

Posted ৭:০৯ এএম | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।