ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘মহাপ্রলয়’ হলেও প্রস্তুত ইরান, কূটনীতির দরজাও খোলা: আরাগচি

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

‘মহাপ্রলয়’ হলেও প্রস্তুত ইরান, কূটনীতির দরজাও খোলা: আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বসতে প্রস্তুত ইরান। তবে নতুন করে সামরিক হামলা হলে তার জবাব দিতেও তেহরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, কূটনীতির পাশাপাশি যুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে ইরান।

তিনি জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া সাত দিনের প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন—এমন খবর তেহরান পেয়েছে। তবে এ বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান।

আরাগচি বলেন, ইরানের প্রস্তাব পরিষ্কার। যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিলে হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত তেহরান। তাঁর বিশ্বাস, চার থেকে পাঁচ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।

প্রস্তাব অনুযায়ী, ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং সপ্তম দিনে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে দুই পক্ষ আবারও আলোচনায় বসবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মার্কিন সামুদ্রিক অবরোধের পর জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় ইরান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আস্থার সংকট

ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে চরম আস্থার সংকট রয়েছে বলেও মন্তব্য করেন আরাগচি। তাঁর অভিযোগ, ২০২৪ ও ২০২৫ সালে আলোচনার সময় ইরানের ওপর হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এমনকি একটি চুক্তি স্বাক্ষরের পরপরই সেটি লঙ্ঘন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ইরান প্রথম লঙ্ঘন করেছে—এমন দাবি প্রত্যাখ্যান করে আরাগচি বলেন, ওয়াশিংটনের যদি মনে হয়ে থাকে তেহরান চুক্তি ভঙ্গ করেছে, তাহলে ইরানে বোমা হামলা না চালিয়ে চুক্তিতে থাকা বিরোধ নিষ্পত্তির ধারা কার্যকর করা যেত।

‘মহাপ্রলয়’ হলেও লড়াইয়ের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার প্রসঙ্গে আরাগচি বলেন, আগের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে ইরান। সেই অভিজ্ঞতার আলোকে দেশটির সামরিক কৌশলেও পরিবর্তন এসেছে।

তাঁর ভাষায়, যুদ্ধ আবার শুরু হলে ইরান সম্পূর্ণ প্রস্তুত থাকবে। পরিস্থিতি ‘মহাপ্রলয়ের’ রূপ নিলেও নতুন যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে তেহরান।

তবে একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

Facebook Comments Box

Posted ৪:২৬ এএম | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।