ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত

বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে যাওয়ার পথে নিখোঁজ হওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ন্যান্টাকেট দ্বীপের উপকূলে ধ্বংসাবশেষ শনাক্ত হওয়ার পর ছয় আরোহীর সন্ধানে রাতভর উদ্ধার অভিযান চালাচ্ছে মার্কিন কোস্ট গার্ড।
নিখোঁজ ছয় আরোহীর মধ্যে চারজন কানাডার নাগরিক এবং দুজন বারমুডার বাসিন্দা। তাদের মধ্যে ছিলেন দুই কানাডীয় পাইলট, দুই চিকিৎসাকর্মী, বারমুডার একজন রোগী ও তার এক স্বজন।
‘ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সেস’-এর গালফস্ট্রিম জি-১০০ উড়োজাহাজটি শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোস্টনের উদ্দেশে উড্ডয়ন করে। রাত ১টার কিছু পর বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল বিমানটির।
তবে অবতরণের আগেই উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে অল্প সময়ের মধ্যে বিমানটি ২৪ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত নেমে প্রায় ১১ হাজার ফুটে চলে আসে।
এ সময় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে পাইলটদের রেডিও যোগাযোগেও সমস্যা হচ্ছিল। পরে পাইলট জরুরি পরিস্থিতির কথা জানান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, বিমানটির বৈদ্যুতিক ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছিল।
এরপর নিখোঁজ বিমানটির সন্ধানে অভিযান শুরু করে মার্কিন কোস্ট গার্ড। একপর্যায়ে ন্যান্টাকেটের উপকূলীয় সমুদ্র এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।
তবে এখনো ছয় আরোহীর কারও সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে সমুদ্রে জাহাজের পাশাপাশি হেলিকপ্টার ও বিমান ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে। নিখোঁজদের পরিবারের সদস্যদেরও এ বিষয়ে অবহিত করা হয়েছে।
সূত্র: বিবিসি
Posted ৭:৫৬ এএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।