ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 23 বার পঠিত

নাইজেরিয়ায় ৩২ জন আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৫ যাত্রী ও সাত ক্রু সদস্যসহ সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ফ্রান্স২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে নিয়মিত মিশনে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, ‘আমাদের সশস্ত্র বাহিনী এবং পুরো জাতির জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক এক মুহূর্ত।’
প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগা জানান, নিহত বিমানবাহিনীর সদস্যদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন টিনুবু। এ সময় নিহতদের প্রতি সম্মান জানাতে দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর দেওয়ার পর বিমানবাহিনী তাদের পরিচয় প্রকাশ করবে।
প্রেসিডেন্টের কার্যালয় ও বিমানমন্ত্রী ফেস্টাস কেইয়ামো জানিয়েছেন, একটি নৌঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ বিমান। নির্মাতাদের তথ্য অনুযায়ী, এ মডেলের বিমানে ৩০ থেকে ৫০ জন যাত্রী বহন করা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নদীর কাছে বেশ কয়েকজন মানুষকে জড়ো হতে দেখা গেছে। উদ্ধারকারীরা নৌকায় করে দুর্ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালাচ্ছেন।
সূত্র: রয়টার্স, ফ্রান্স২৪
Posted ৭:০১ এএম | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।