ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে শুরু হয়েছে ‘ব্যাংকিং ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সামিট ২০২৬’ (বিআইটি’২৬)-এর পঞ্চম সংস্করণ। এক দিনব্যাপী এ সম্মেলনে ব্যাংকিং, ফিনটেক ও প্রযুক্তি খাতের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা অংশ নিয়েছেন।
ইউএইর প্রথম ইংরেজি দৈনিক ‘খালিজ টাইমস’ আয়োজিত এ সম্মেলনে ব্যাংকিং ও আর্থিক খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। ‘এয়ারপে’ (Airpay) উপস্থাপিত সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল পেমেন্ট, রেমিট্যান্স ও গ্রাহকের আস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
মধ্যপ্রাচ্যের ব্যাংকগুলো যখন দ্রুত ডিজিটাল রূপান্তরের দিকে এগোচ্ছে, তখন এআই, ডেটা, ডিজিটাল লেনদেন ও ‘এম্বেডেড ফাইন্যান্স’কে প্রবৃদ্ধির কৌশলগত চালিকাশক্তি হিসেবে গ্রহণের বিভিন্ন দিকও উঠে আসছে সম্মেলনে।
বিআইটি’২৬-এর অন্যতম প্রধান আলোচ্য বিষয় লেনদেনে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার। বিশেষ করে মানুষের পরিবর্তে এআই এজেন্টের মাধ্যমে লেনদেন পরিচালনার সম্ভাবনা এবং এর প্রভাব নিয়ে আলোচনা করছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।
এ ছাড়া ‘আউটরান ডিসরাপশন: আ পেমেন্টস সিইও’স আনফিল্টার্ড অ্যাকাউন্ট’ শীর্ষক বিশেষ ফায়ারসাইড চ্যাটে ডিজিটাল পেমেন্টের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সীমান্তপারের লেনদেন (ক্রস-বর্ডার পেমেন্ট) ও রেমিট্যান্সও সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।
সম্মেলনে বক্তব্য দেওয়া শিল্প খাতের শীর্ষ নির্বাহীদের মধ্যে রয়েছেন কমার্শিয়াল ব্যাংক অব দুবাইয়ের (সিবিডি) প্রধান অর্থনীতিবিদ দীপক মেহরা, ডিজিপ্রেসের সিইও নন্দন মের, লুলু ফিন্যান্সিয়াল হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আদিব আহমেদ, ডু-পে-এর সিইও রবার্তো মানকোন, অভি-এর সিইও ও সহপ্রতিষ্ঠাতা ওমায়ের আনসারি, সিটি ইউএইর হেড অব ওয়েলথ রাজীব গার্গ এবং ইউসর (Yusr)-এর প্রতিষ্ঠাতা ও সিইও আজামত সেইতবেকভ।
এ ছাড়া বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান ‘আর্থার ডি লিটল’-এর ঊর্ধ্বতন নির্বাহীরাও সম্মেলনে অংশ নিচ্ছেন।
সূত্র: খালিজ টাইমস
Posted ১১:১১ এএম | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।