ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া তীব্র ধোঁয়াশায় মালয়েশিয়ায় বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে নেমে যাওয়ায় রাজধানী কুয়ালালামপুরসহ দেশটির কয়েকটি প্রধান অঞ্চলে শুক্রবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।
মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক এক সতর্কবার্তায় বলেন, ধোঁয়াশার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে সব রাজ্য শিক্ষা বিভাগ ও জেলা শিক্ষা অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুমণ্ডলের অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় জরুরি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুত থাকতেও বলা হয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর ইন্দোনেশিয়ার বনাঞ্চল ও কৃষিজমিতে অনিয়ন্ত্রিত আগুন ও দাবানলের কারণে ব্যাপক ধোঁয়াশার সৃষ্টি হয়। বাতাসের সঙ্গে সেই ধোঁয়া প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়ে। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে বায়ুদূষণ বাড়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হয়।
ধোঁয়াশার ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকতে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
সূত্র: রয়টার্স
Posted ৬:০৯ এএম | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।