ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

আফগানিস্তানের হেলমান্দ ও কুনার প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে পৃথক দুটি স্থানে চালানো হামলায় ২২ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। তবে আফগানিস্তানের তালেবান সরকার বলছে, একই হামলায় নারী ও শিশুসহ নয়জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, বুধবার গভীর রাতে হেলমান্দ ও কুনারে হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে।
হামলার তীব্র নিন্দা জানিয়ে জাবিহুল্লাহ মুজাহিদ এটিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী অপরাধ হিসেবে উল্লেখ করেন।
গত দুই সপ্তাহে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কের উত্তেজনা নতুন করে বেড়েছে। এ সময়ে একটি মসজিদসহ একাধিক স্থানে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর এসব ঘটনার জন্য তালেবান সরকারকে দায়ী করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের অভিযোগ, তালেবানের আশ্রয়-প্রশ্রয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলো আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।
মসজিদে হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরই মধ্যে পাকিস্তান অন্তত দুই দফায় আফগানিস্তানের ভূখণ্ডে সরাসরি বিমান হামলা চালিয়েছে।
তবে সর্বশেষ হামলায় হতাহতের সংখ্যা নিয়ে দুই দেশের দেওয়া তথ্য পরস্পরবিরোধী। আফগানিস্তান ও পাকিস্তানের দাবির কোনোটিই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
Posted ৬:৪২ এএম | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।