ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালিয়ে দেশটির পারমাণবিক হুমকি নির্মূলের দাবি তুলতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে রাজনৈতিকভাবে চাপে থাকা ট্রাম্প চলমান সামরিক অভিযান শেষ করার সুযোগ খুঁজতে পারেন। তবে পাহাড়ের গভীরে অবস্থিত স্থাপনাটি পুরোপুরি ধ্বংস করা কতটা সম্ভব, তা নিয়ে রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।
ইরান ইস্যু এখন ট্রাম্পের জন্য অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলমান যুদ্ধ এবং জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয় ঘটেছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের একটি গ্রহণযোগ্য সমাপ্তি খুঁজছেন তিনি। যে সমাপ্তিকে নিজের বিজয় হিসেবে জনগণের সামনে তুলে ধরতে পারবেন।
গত ৯ নভেম্বর ট্রাম্প জানিয়েছিলেন, তিনি যুদ্ধের পরিস্থিতি ‘স্থিতাবস্থায়’ রাখতে চান। তবে পরিস্থিতির পরিবর্তন হলে মার্কিন বাহিনী ‘সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে বলেও সতর্ক করেন তিনি।
এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্য ইরানের নাতাঞ্জ পারমাণবিক কমপ্লেক্সের কাছাকাছি অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন। ‘কুহ-ই কোলাং গাজ লা’ নামের ১ হাজার ৬০০ মিটার উঁচু পর্বতটির নিচে একটি অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনা নির্মাণ করেছে ইরান বলে ধারণা বিশেষজ্ঞদের। নাতাঞ্জ কমপ্লেক্স থেকে প্রায় এক মাইল দক্ষিণে অবস্থিত স্থাপনাটি মাটির ৮০ থেকে ১০০ মিটার গভীরে বলে অনুমান করা হয়।
২০২০ সালে ইরানের বিভিন্ন স্থানে ধারাবাহিক বিস্ফোরণের পর পাহাড়টির নিচে এই কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ওই বছরের ২ জুলাই নাতাঞ্জ পারমাণবিক কমপ্লেক্সের একটি ওয়ার্কশপে বিস্ফোরণ ঘটে। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত সেন্ট্রিফিউজ সংযোজন করা হতো। পরে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান জানান, ক্ষতিগ্রস্ত ওয়ার্কশপের বিকল্প স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনের গভীরে নির্মাণ করা হবে।
ট্রাম্প প্রশাসনের আশঙ্কা, এই ভূগর্ভস্থ স্থাপনায় অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম সেন্ট্রিফিউজ রাখা হয়েছে। পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমও সেখানে পরিচালিত হতে পারে। ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান ইতিমধ্যে সেন্ট্রিফিউজ ও প্রয়োজনীয় সরঞ্জাম এসব সুড়ঙ্গে সরিয়ে নিয়েছে।
তবে স্থাপনাটির ভেতরে প্রকৃতপক্ষে কী রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উপগ্রহ চিত্রে নির্মাণকাজ অব্যাহত থাকা এবং সুরক্ষিত প্রবেশপথের অস্তিত্ব দেখা গেলেও সেখানে সেন্ট্রিফিউজ স্থানান্তর কিংবা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করতে পারেননি বিশ্লেষকেরা।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) গত সেপ্টেম্বরের মূল্যায়নে বলা হয়েছে, ২০২৬ সালে পিকঅ্যাক্স মাউন্টেনে কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে আন্তর্জাতিক পরিদর্শকদের কখনোই স্থাপনাটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে এর অভ্যন্তরীণ কাঠামো ও কার্যক্রম সম্পর্কে নির্ভরযোগ্য প্রত্যক্ষ তথ্য নেই।
পাহাড়ের গভীরে হামলা চালানো কতটা কঠিন?
পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার সবচেয়ে বড় বাধা এর ভৌগোলিক গঠন। পর্বতটি অত্যন্ত ঘন গ্রানাইট পাথরে তৈরি। ভূগর্ভস্থ স্থাপনাটি ৮০ থেকে ১০০ মিটার গভীরে হওয়ায় সাধারণ বোমা দিয়ে সেটিতে আঘাত হানা কঠিন।
২০২৫ সালের জুনে ইরানের ফোরদো ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র শক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমা ‘জিবিইউ-৫৭’ ব্যবহার করেছিল। তবে পিকঅ্যাক্স মাউন্টেনের ঘন গ্রানাইট পাথরের স্তর ভেদ করে এই বোমা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে। এ বোমা বহনে সক্ষম একমাত্র সচল যুদ্ধবিমান হলো স্টিলথ বোমারু বিমান ‘বি-২ স্পিরিট’।
এ অবস্থায় স্থাপনাটির গভীরে হামলা চালানোর পরিবর্তে এর প্রবেশপথ ও বাইরের অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র। এতে ভূগর্ভস্থ কমপ্লেক্সের যাতায়াত ও কার্যক্রম ব্যাহত হবে। বারবার হামলা চালালে মেরামতের কাজও কঠিন হয়ে পড়বে। তবে গভীরে থাকা গুরুত্বপূর্ণ সরঞ্জাম অক্ষত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বিজয় ঘোষণা করলেও প্রকৃত ফলাফল অজানা!
হামলার পর উপগ্রহ চিত্রে প্রবেশপথ ধসে পড়া কিংবা বাইরের অবকাঠামো ধ্বংস হওয়ার দৃশ্য দেখা যেতে পারে। কিন্তু পাহাড়ের গভীরে থাকা সরঞ্জাম ও স্থাপনার প্রকৃত অবস্থা নিশ্চিত করা কঠিন হবে।
এমন পরিস্থিতিতে ট্রাম্প সফল সামরিক অভিযানের ঘোষণা দিতে পারেন। তিনি দাবি করতে পারেন, ইরানের অবশিষ্ট পারমাণবিক হুমকি নির্মূল করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে। অথচ বাস্তবে ইরানের পারমাণবিক সক্ষমতার ওপর হামলার প্রভাব কতটা পড়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নাও হতে পারে।
রাজনৈতিকভাবে ব্যয়বহুল একটি যুদ্ধের পর পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা ট্রাম্পকে বিজয় ঘোষণার সুযোগ করে দিতে পারে। দৃশ্যমান ক্ষয়ক্ষতিকে সামনে রেখে তিনি সামরিক অভিযান শেষ করার যৌক্তিকতা তুলে ধরতে পারবেন।
ইরানের জন্যও পরিস্থিতিটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তেহরান চাইলে ট্রাম্পকে বিজয় দাবি করার সুযোগ দিয়ে পাল্টা হামলা থেকে বিরত থাকতে পারে। এতে যুদ্ধের অবসানের পথ তৈরি হতে পারে। ট্রাম্প প্রশাসন এমন একটি সমঝোতার অনুরোধ জানিয়েছে বলেও গুঞ্জন রয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি নাকচ করে জানিয়েছে, যেকোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে।
অন্যদিকে, ভূগর্ভস্থ সরঞ্জাম অক্ষত থাকলে ইরানও কৌশলগত সুবিধা পেতে পারে। ট্রাম্প যদি কেবল দৃশ্যমান ক্ষয়ক্ষতিকে সাফল্য হিসেবে দেখিয়ে যুদ্ধ থেকে সরে আসেন, তাহলে ইরান তার পারমাণবিক সক্ষমতার একটি অংশ অক্ষুণ্ণ রাখতে পারে। ফলে যুক্তরাষ্ট্র বিজয় ঘোষণা করলেও প্রকৃত পরিস্থিতি থেকে যেতে পারে অজানা।
যুদ্ধের অবসান নাকি নতুন সংঘাতের আশঙ্কা?
পিকঅ্যাক্স মাউন্টেনে বড় ধরনের হামলা চালালেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে চলমান সংকটের সমাধান হবে না। বরং দুই পক্ষের ভিন্ন প্রত্যাশা নতুন সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।
ট্রাম্প মনে করতে পারেন, সীমিত একটি হামলার মধ্য দিয়েই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব। অন্যদিকে, নিজেদের সামরিক ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে ইরান পাল্টা জবাব দেওয়াকে অপরিহার্য মনে করতে পারে।
সব মিলিয়ে পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা ট্রাম্পকে রাজনৈতিকভাবে বিজয় ঘোষণার সুযোগ দিলেও ইরানের পারমাণবিক সক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে। ফলে একটি হামলার মধ্য দিয়ে যুদ্ধ শেষ হওয়ার পরিবর্তে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্র: এশিয়া টাইমস
Posted ১২:১৫ পিএম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।