ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত

কিছুদিন পর ৪৭ বছরে পা রাখবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। তবে এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। বিয়েতে ভয়, নাকি পছন্দের মানুষ না পাওয়ার আক্ষেপ—কেন এখনো বিয়ে করেননি, সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।
পছন্দের হলিউড তারকা টম ক্রুজকে না পাওয়ার কারণেই কি বিয়ে করেননি—এমন প্রশ্নের জবাবে রাইমা বলেন, তার বোনও বিষয়টি নিয়ে মজা করেন। তিনি বলেন, কলকাতায় তেমন কেউ নেই। আর তিনি শহরের বাইরেও খুব একটা যান না। তবে সত্যি বলতে, এই বয়সে এসে বিয়ে করার তাগিদও অনুভব করেন না। অ্যাটাচমেন্ট নিয়েও তার চিন্তা হয়।
মেয়ের বিয়ে নিয়ে মায়ের ‘দুশ্চিন্তা’র বিষয়ে রাইমা বলেন, মা আগে এসব নিয়ে দুশ্চিন্তা করতেন। তবে এখন দেশ-দুনিয়ার অবস্থা দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। তার মা বলেন, ‘জোর করে কিছু কোরো না। পরে কখনো একাকিত্বে ভুগলে অনেকগুলো বাচ্চা দত্তক নিও।’
কখনো মা হতে ইচ্ছে করলে কী করবেন, সেই পথও খোলা রেখেছেন রাইমা। তিনি বলেন, বাচ্চাদের তিনি ভীষণ ভালোবাসেন। তবে সন্তান নেওয়ার বিষয়টি নিয়ে কিছুটা ভয়ও কাজ করে—সবকিছু ঠিকভাবে সামলাতে পারবেন কি না, তা নিয়ে তার সংশয় রয়েছে। আজ ইচ্ছে না থাকলেও ভবিষ্যতে ইচ্ছে হতে পারে—এমনটা ভেবেই অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছেন তিনি।
রাইমার কথায়, ‘একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার, শুধু মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই।’
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে রাইমা অভিনীত ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। অন্যান্য চরিত্রে রয়েছেন রাজেশ শর্মা, অম্বরীশ ভট্টাচার্য ও অর্ণ মুখার্জি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ অক্টোবর ছবিটি মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়।
Posted ১০:৪০ এএম | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।