বিনোদন ডেস্ক | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 180 বার পঠিত

ঢাকাই শোবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আবারও অস্বীকার করলেন তাঁর বিরুদ্ধে ওঠা লাগেজে মদ পাওয়ার অভিযোগ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, পুরো ঘটনাটি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম জড়ানো হয়েছে।
গেল বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ তাঁর লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেছে। এমন অভিযোগে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তখন দাবি করা হয়, তাঁর সঙ্গে ছিলেন স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। অভিযোগে আরও বলা হয়, লাগেজে মদ পাওয়ার পরও বিষয়টি প্রকাশ না করে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁদের ছেড়ে দেয়।
খবরটি প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া পোস্টে মেহজাবীন স্পষ্ট ভাষায় জানান, অভিযোগের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। তাঁর দাবি, তাঁকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি, কোনো ধরনের জিজ্ঞাসাবাদও করা হয়নি। এমনকি তাঁর কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও আটকানো হয়নি।
পোস্টে তিনি লেখেন, ‘উল্লিখিত কোনো ঘটনায় আমাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি। আমার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও আটকানো হয়নি; আমার লাগেজ বা হ্যান্ডব্যাগে উল্লিখিত অভিযোগের কিছু পাওয়ার তো প্রশ্নই ওঠে না। যেসব কথা ছড়ানো হচ্ছে, সে রকম কোনো ঘটনার মুখোমুখি আমি হইনি।’
তিনি আরও প্রশ্ন তোলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা তাঁর লাগেজ থেকে কোনো অবৈধ কিছু উদ্ধার হয়েছে—এমন কোনো ছবি, ভিডিও বা প্রমাণ কি কারও কাছে আছে?
মেহজাবীনের অভিযোগ, প্রমাণ ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে ‘ক্লিকবেইট’ সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর ভাষায়, “দুর্ভাগ্যজনকভাবে মানহানি এখন খুব স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। যে খবরটি ছড়ানো হয়েছে, তার নিরিখে একটিও প্রমাণ কেউ দিতে পারেনি যে আমার লাগেজে অবৈধ কিছু পাওয়া গেছে।”
সাম্প্রতিক মানহানিকর প্রচারের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
এর আগে গত রোববার আরেক পোস্টে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সম্প্রতি তাঁকে বিভিন্নভাবে টার্গেট করা হচ্ছে। এমনকি একটি মিথ্যা মামলায় হয়রানির শিকার হলেও আদালত থেকে অব্যাহতি পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
Posted ১১:৫৬ এএম | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।