নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 353 বার পঠিত
চীনে নারী পাচারের এক রোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে। যুগান্তরের অনুসন্ধানে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র চাকরির প্রলোভন দেখিয়ে গত ১৪ বছর ধরে একের পর এক নারী পাচার করে চলেছে চীনে। নারী ও পুরুষ সমন্বয়ে গঠিত এই চক্র টার্গেট করছে দরিদ্র-অসহায় পরিবারের সুন্দরীদের। এভাবে একের পর এক কমপক্ষে ৫০ লাখ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে তরুণীরা। পাচারকারী চক্রের জাল এতটাই বিস্তৃত যে, পাচারযোগ্য নারীদের পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে ৪ ঘণ্টার মধ্যে। পুলিশ ভেরিফিকেশনও লাগছে না। শুধু তাই নয়, তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বানাতেও সময় লাগছে না। ভিসার ক্ষেত্রেও অন্য ভিসাপ্রার্থীদের চেয়ে তাদের সময় লাগছে অনেক কম। বিমানবন্দরে ইমিগ্রেশনেও তাদের পোহাতে হয় না কোনো ঝামেলা।
অর্থাৎ দেখা যাচ্ছে, একটি পরিকল্পিত সিস্টেমের মধ্য দিয়ে নারীরা পাচার হচ্ছে চীনে। দেশ ছাড়ার জন্য যা কিছু প্রয়োজন, প্রতিটি স্তরেই নির্বিঘ্নে কাজ সম্পন্ন করা হচ্ছে। এ অবস্থার একটি বড় বিপজ্জনক দিক হচ্ছে, ভুক্তভোগীরা মামলা করলেও অপরাধীর বিচার হওয়া দূরের কথা, মামলাকারীরাই বিপদে পড়ছেন, তাদের জীবন অতিষ্ঠ করে তোলা হচ্ছে। সম্প্রতি পাচারকৃত এক নারী কৌশলে দেশে ফিরে যুগান্তরকে জানিয়েছেন ভয়াবহ অবস্থার কথা। চীনে পাচার হওয়ার পর তার ওপর নেমে এসেছিল অকথ্য নির্যাতন। আবার এক নারীর পক্ষে ঢাকায় মামলা হলে তা জানাজানি হওয়ার পর তার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে কীভাবে সংঘটিত হচ্ছে এত বড় অপরাধ? আমরা তো জানি, বিদেশের ভিসা প্রক্রিয়া খুব সহজ নয়। প্রশ্ন ওঠা স্বাভাবিক, পাচার করার আগে পাচারযোগ্য নারীর পাসপোর্ট-ভিসা হচ্ছে কীভাবে? বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারাই বা কী করছেন? তবে কি টাকার ভাগ পাচ্ছেন সবাই? আসলে দেশের কোথায় কীভাবে বড় বড় অপরাধ সংঘটিত হচ্ছে, তা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। একপর্যায়ে যখন রহস্য উদ্ঘাটিত হয়, তখন আমাদের চোখ কপালে ওঠে। শুধু চীন নয়, আরও কোথায় নারী পাচার হচ্ছে, তা শনাক্ত করতে হবে। আলোচ্য চক্রটি সম্পর্কেও ব্যাপক অনুসন্ধান করে ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয়, পাচার হওয়ার পর চীনে যেসব নারী অনিশ্চিত জীবনযাপন করছেন, তাদের উদ্ধারেও ব্যবস্থা নেওয়া দরকার।
Posted ৪:৫০ পিএম | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।