নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 324 বার পঠিত

একটি তালার দাম ৫ হাজার ৫৯০ টাকা, বালতির দাম ১ হাজার ৮৯০ টাকা, ঝাড়ুর দাম ১ হাজার ৪৪০ টাকা! না, এগুলো বিশেষ কোনো উপাদানে তৈরি নয় কিংবা বিদেশ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আনা কোনো পণ্য নয়। একেবারেই দেশীয় সামগ্রী, কিন্তু মূল্য অবিশ্বাস্য। দুর্নীতি করলেও তো একটা মাত্রা থাকে। মাত্রা রাখা হয়নি। এখানে বাজারদরের সঙ্গে ক্রয়মূল্যের পার্থক্য উনিশ-বিশ নয়, আকাশ-পাতাল। পশ্চিম রেলে ২০১৮-১৯ অর্থবছরের কেনাকাটায় যে দুর্নীতি করা হয়েছে, তা বহুল আলোচিত ‘বালিশ কেলেঙ্কারির’ কথাই নতুন করে মনে করিয়ে দিচ্ছে। এ ঘটনায় দুদকের তদন্তে মোট ৪টি টেন্ডার প্রক্রিয়ায় ১৭ ধরনের পণ্য কেনাকাটায় ১৮ জনের বিরুদ্ধে ২ কোটি ১৮ লাখ ১৪ হাজার ১৯৬ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এসব সংখ্যা শুধু হিসাবের গরমিল নয়, এ হলো জনগণের অর্থের ওপর পরিচালিত ভয়াবহ লুটপাটের একটি চিত্র। গতকাল যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ১৫ থেকে ৩৩ গুণ বেশি দামে তালা, ঝাড়ু, বালতির মতো সাধারণ গৃহস্থালি পণ্য কেনায় এ দুর্নীতিতে ছোটখাটো কোনো কর্মকর্তা নয়, সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তারা জড়িত, আসামিদের মধ্যে রয়েছেন সাবেক দুই মহাব্যবস্থাপকসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা। দুর্নীতিতে এত লোকের জড়িত থাকায় বোঝা যাচ্ছে যে, লুটপাটের শিকড় অনেক গভীরে প্রোথিত।
জুলাই বিপ্লব যেসব কারণে হয়েছে, তার একটি হলো ভয়াবহ রকমের দুর্নীতির বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ। বিপ্লব-পরবর্তী বাংলাদেশে আমরা রেলের চাকায় দুর্নীতির কর্কশ শব্দ শুনতে চাই না, আশার সুর বাজতে দেখতে চাই। এখন সাবেক স্বৈরাচার আমলের এসব দুর্নীতির চিত্র শুধু সামনে আনা কিংবা মামলা দেওয়াই যথেষ্ট নয়, বরং এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। পশ্চিম রেলের লুটেরাদের বিচার দ্রুত করতে হবে, সর্বোচ্চ শাস্তিও নিশ্চিত করতে হবে। কারণ, ১৭৩ টাকার তালা যখন ৫৫৯০ টাকায় কেনা হয়, তখন সেটি শুধু একটি তালা নয়, একটি রাষ্ট্রের পচনশীল বিবেকের প্রতীক হয়ে দাঁড়ায়। এ পচন রুখতে হলে শুধু চোর ধরাই যথেষ্ট নয়, বরং চুরি করার পুরো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটিকেই ঢেলে সাজানো সময়ের দাবিতে পরিণত হয়। একইসঙ্গে প্রমাণ করতে হবে, দুর্নীতির রাঘববোয়ালরা যতই ক্ষমতাশালী হোক না কেন, তারা কেউ আইনের ঊর্ধ্বে নয়।
Posted ৬:৫৪ পিএম | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।