নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 238 বার পঠিত

অবাক কাণ্ড! দুর্নীতির এমন কৌশলও হতে পারে! এ দেশে দুর্নীতিকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে যে, মনে হয় দুর্নীতিবাজরা একেকজন মহা প্রতিভাবান। চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) ঘটেছে অবাক করা এক দুর্নীতি। ২০১৭-১৮ অর্থবছরে একটি প্রতিষ্ঠানের বার্ষিক ট্যাক্স নির্ধারণ করা হয়েছিল ২৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা। কিন্তু হোল্ডিং ট্যাক্স নির্ধারণ বই অর্থাৎ ফিল্ডবুকে ঘষামাজা এবং সাদা ফ্লুইড ব্যবহার করে ‘২’ মুছে দেখানো হয়েছে ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা।
একই অফিসের একই ব্যক্তিরা আরেকটি প্রতিষ্ঠানের ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৫০ টাকার ট্যাক্সকে ৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৫০ টাকা দেখিয়েছে! দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম যুগান্তরকে বলেছেন, তারা বেশকিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, নথিতে ঘষামাজা করা হয়েছে। দুর্নীতির এ ঘটনায় দুই কর্মকর্তাকে বরখাস্ত এবং তিন হিসাব সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সচিবালয় বিভাগে সংযুক্ত করা হয়েছে।
দুর্নীতি, বিশেষত গত রেজিমে সর্বদিকব্যাপী ছড়িয়ে পড়েছিল। এর আগেও আমরা অনেক অভিনব দুর্নীতির কথা জেনেছি। আমরা ভেবে পাই না, দুর্নীতিবাজদের মাথায় এত দুর্বুদ্ধি খেলে কী করে! প্রকৃতপক্ষে একটা সরকার যখন দুর্নীতির ব্যাপারে উদাসীন থাকে অথবা দুর্নীতিকে প্রশ্রয় দেয়, তখন সেই দেশে দুর্নীতিবাজরা দুর্নীতির নতুন নতুন পথ বের করতে উৎসাহী হয়। গত রেজিমে সেটাই হয়েছে। মেগা প্রকল্পে মেগা দুর্নীতি তো হয়েছেই, ছোট-মাঝারি এমনসব দুর্নীতি হয়েছে, যা কল্পনাও করা যায় না। গত রেজিমে দুর্নীতি দমন কমিশনকেও (দুদক) বিতর্কিত ভূমিকায় দেখেছি আমরা।
এই কমিশনের অনেক কর্মকর্তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। প্রভাবশালীদের দুর্নীতির সঠিক তদন্ত দূরের কথা, সাধারণ দুর্নীতির ক্ষেত্রেও তারা যোগসাজশে দুর্নীতিবাজকে রেহাই দিয়েছেন। প্রশ্ন উঠতেই পারে, এভাবে কি দেশ থকে দুর্নীতি দূর করা যাবে? উত্তর, অবশ্যই না। একটা দুর্নীতিপ্রবণ সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে নতুন করে ভাবতে হবে দুর্নীতি প্রতিরোধের পন্থা।
প্রথমত, সরকারকে নিতে হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। দ্বিতীয়ত, দুদককে এমন শক্তিশালী করতে হবে, যাতে এটি দুর্নীতি দমনে সাফল্য দেখাতে পারে। এ সংস্থাকেও জবাবদিহির আওতায় আনতে হবে। দুর্নীতির ব্যাপারে জনগণের জন্য নিতে হবে মটিভেশনাল কর্মসূচি।
Posted ৩:৫০ পিএম | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।