নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ অগাস্ট ২০২৫ | প্রিন্ট | 316 বার পঠিত
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পরও বাংলাদেশের শিক্ষা খাত এবং শিক্ষকরা কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মনোযোগ পাননি বলে মন্তব্য করেছেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ড. মাসুদ রানা খান। তিনি বলেন, আজও শিক্ষক সমাজ নিজেদের বৈষম্যের শিকার মনে করে এবং শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে পদোন্নতিসহ নানা বঞ্চনার মধ্যে রয়েছেন।
শনিবার ঢাকা কলেজ প্রাঙ্গণে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।
ড. মাসুদ রানা খান বলেন, গণ-অভ্যুত্থানের পরও শিক্ষাব্যবস্থা এবং শিক্ষকরা যথাযথ মনোযোগ পাচ্ছেন না। যিনি একজন মানুষকে মানবসম্পদে পরিণত করেন, সেই শিক্ষক চতুর্থ গ্রেডে থেমে যান, তার আর কোনো পদোন্নতির পথ নেই। অথচ কারিগরি শিক্ষা ও মেডিকেল শিক্ষায় অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পদ এক নম্বর গ্রেড হলেও সেখানে পৌঁছাতে শিক্ষকদের জন্য কোনো বাস্তবধর্মী পদসোপান নেই। বহু কর্মকর্তা বছরের পর বছর ধরে পদোন্নতি পান না। প্রভাষকরা কেউ কেউ ১২ থেকে ১৩ বছর যাবৎ একই পদে কর্মরত রয়েছেন, যা বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের চেতনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান আমাদের দেখিয়েছে- মানুষের সম্মিলিত চেতনা ও সাহস কতটা শক্তিশালী হতে পারে। শিক্ষা ক্যাডারের সদস্য হিসাবে আমরা বিশ্বাস করি, একটি মানবিক, জ্ঞানভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে আমাদের ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, আমরা চাই, শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ স্তরে যেন শিক্ষক প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান। প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, পানি ও পরিবেশ বিজ্ঞানী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জসীম উদ্দিন আহমেদ।
Posted ৪:৩১ এএম | রবিবার, ০৩ অগাস্ট ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।