ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নিউইয়র্কে ডিম ছোড়া সেই জাহিদের গ্রামের বাড়িতে পালটা ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   698 বার পঠিত

নিউইয়র্কে ডিম ছোড়া সেই জাহিদের গ্রামের বাড়িতে পালটা ডিম নিক্ষেপ

যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের দেশের বাড়ির দেওয়াল ও ফটকে পালটা ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এনসিপি নেতাকর্মী ও ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তারা যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং তাসনিম জারাকে কটূক্তি করেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।

এ ঘটনার জেরে মঙ্গলবার রাতে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে নেতাকর্মী ও স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে জাহিদ হাসানের দেশের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকার বাড়ির প্রধান ফটক ও দেওয়ালে ডিম নিক্ষেপ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, যুক্তরাষ্ট্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আখতার হোসেনসহ ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বাংলাদেশের বীরদের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে জাহিদ হাসান। সেই ক্ষোভ থেকে তার দেশের বাড়ির প্রধান ফটকে ডিম নিক্ষেপ করেছে ছাত্র-জনতা।

ডিম নিক্ষেপের বিষয়ে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, জাহিদ হাসানের দেশের বাড়িতে কারা ডিম ছুড়েছেন, আমরা সঠিক জানি না। আমরা প্রতিবাদ জানাব মিছিল আর স্লোগানের ভাষায় রাজপথে। কিন্তু কারও বাড়িতে হামলা করার উদ্দেশ্য জেলা এনসিপির নেই।

বিষয়টি জানতে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

নড়িয়া থানার ওসি (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

 

Facebook Comments Box

Posted ৭:৪৩ এএম | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।