| সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 158 বার পঠিত
‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের ধানমন্ডির বাসার স্টুডিও পরিদর্শন করেছেন ঢাকা সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজ শেষে দেশের ফোক ব্যান্ড ‘জলের গান’র স্টুডিওতে যান তিনি। সেখানে দেড় ঘণ্টার মতো অবস্থান করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময় ম্যাক্রোঁকে কিছু দেশীয় বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাহুল। এরপর প্রথমে ফকির লালন সাঁইয়ের ‘আর কি বসবো এমন সাধুর সাধবাজারে/না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে’ গেয়ে শোনান এই শিল্পী। এরপর তিনি পরিবেশন করেন প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’। এরপর ম্যাক্রোঁকে একতারা বাজিয়ে আব্দুল আলীমের জনপ্রিয় ‘নাইয়ারে নায়রে বাদাম’ গানটি গেয়ে শোনান রাহুল।
গান শুনে অভিভূত হয়ে রাহুলকে একটি কলম উপহার দেন ফরাসি প্রেসিডেন্ট। একইসঙ্গে বলেন, এই কলমটি দিয়ে রাহুল আনন্দ যেন গান লেখেন এবং সেই গান তিনি শুনবেন। রাহুল যে একতারা বাজিয়ে গান করেছেন সেটি তিনি ম্যাক্রোঁকে উপহার দেন। একতারা হাতে নিয়ে আগ্রহ ভরে দেখেন ফরাসি প্রেসিডেন্ট এবং বাজানোর চেষ্টা করেন।
রাহুল বলেন, ‘শিল্পী ও শিল্পের প্রতি আগ্রহ থেকে আমার স্টুডিওতে আসেন ইমানুয়েল ম্যাক্রোঁ। আমি বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি তার সামনে। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপ হয়েছে।’
রাহুল ছাড়াও আরও তিন শিল্পী আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারার সঙ্গেও কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। রাত সাড়ে ১১টা থেকে রাত একটা পর্যন্ত অবস্থান শেষে হোটেলে ফিরে যান ম্যাক্রোঁ।
Posted ২:৩৫ পিএম | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।