ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সুপারিশে বিএনপির সমর্থন ইতিবাচক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   270 বার পঠিত

সুপারিশে বিএনপির সমর্থন ইতিবাচক

সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ের আলোচনায় পাঁচটি সংস্কার কমিশনের প্রায় ৬৯৪টি প্রস্তাবের মধ্যে ৫ শতাধিক বিষয়ে একমত হয়েছে বিএনপি। সংস্কারের কিছু মৌলিক সুপারিশের বিষয়ে একমত হয়নি দলটি। তবে বেশির ভাগ সুপারিশে বিএনপির সমর্থনের বিষয়কে ইতিবাচক হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে-বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসাবে নিজস্ব চিন্তা-ভাবনা রয়েছে। তাছাড়া ঐকমত্য কমিশনের বিপরীতে তাদের নিজস্ব ৩১ দফা আছে। সেক্ষেত্রে বিএনপি যদি ঐকমত্য কমিশনের অধিকাংশ সুপারিশের সঙ্গে একমত হয়, তাহলে সংস্কারের একটা ভালো ভবিষ্যৎ দেখতে পান। অবশ্য বিএনপি কিছু মৌলিক সুপারিশের বিষয়ে একমত হয়নি। সোজা কথা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপত্তি জানিয়েছে। এসব বিষয়ে মতানৈক্য দূর করতে আরও আলোচনা চালিয়ে যেতে হবে।

ঐকমত্য কমিশনের সুপারিশের মধ্যে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, নিম্নকক্ষের ৪০০ আসনের মধ্যে ১০০ নারীদের জন্য সংরক্ষিত, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া, ন্যায়পাল নিয়োগ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা, বিদ্যমান সংবিধানের ৭(ক) ও ৭(খ) বিলুপ্ত করা, ‘অধস্তন আদালত’-এর বদলে ‘স্থানীয় আদালত’ শব্দ ব্যবহার করা, অন্তর্বর্তী সরকারের সদস্য অনূর্ধ্ব ১৪ জন রাখাসহ বেশির ভাগ বিষয়ে একমত হয়েছে বিএনপি। অন্যদিকে প্রধান বিচারপতি নিয়োগ আইন, ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল’ (এনসিসি) গঠন, মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, গণভোট, ৭০ অনুচ্ছেদ, সংবিধানের মূলনীতি পরিবর্তন, নারী আসনে সরাসরি ভোট, রাষ্ট্রের নাম পরিবর্তন, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর করা, নিম্নকক্ষে তরুণদের জন্য ১০ শতাংশ আসনে মনোনয়ন দেওয়া, সংসদ নির্বাচনের জন্য ন্যূনতম বয়স ২১ বছর করা এবং একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে না থাকার বিষয়সহ কিছু সুপারিশে বিএনপি একমত হয়নি।

এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী যুগান্তরকে বলেন, সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের বেশির ভাগ সুপারিশে একমত হয়েছে বিএনপি। কিন্তু কিছু মৌলিক সংস্কারে একমত হয়নি বা আপত্তি জানিয়েছে। সুতরাং তারা সংস্কার কমিশনে যে রিপোর্ট দিয়েছে সেটার মূল বিষয়ের সঙ্গে একমত হয়নি। সোজা কথা পুরোপুরি ঐক্য হয়নি। তবে কাছাকাছি যাচ্ছে সেটা ইতিবাচক।

তিনি মনে করেন, কিছু মৌলিক সংস্কারের বিষয়ে বিএনপির সঙ্গে অন্য দলগুলোর প্রস্তাব মিলছে না। সে বিষয়ে তারা অনানুষ্ঠাকিভাবে কথাবার্তা বলুক। সব সময় যে আনুষ্ঠানিক হতে হবে তা তো নয়। অনেক সময় সরাসরি বসে মতৈক্য হতে চায় না, তখন অনেকে পেছন থেকে কাজ করে। এর কাছে ওর মেসেজ নিয়ে যায়, ওর কাছে এর মেসেজ নিয়ে যায়। এই যে একটা প্রক্রিয়া তার মধ্যে ঢুকতে হবে। এর মাধ্যমে একটা ঐকমত্যে তো পৌঁছাতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, অপপ্রচার ও প্রোপাগান্ডা ছিল যে, সংস্কারে বিএনপি বেশির ভাগ ক্ষেত্রে একমত নয়। বেশির ভাগ ক্ষেত্রে যে একমত হয়েছে, এটা প্রমাণ করে বিএনপি সংস্কারের পক্ষে। এটা জাতির জন্য একটা ভালো লক্ষণ। কারণ বিএনপি দেশের বড় ও জনপ্রিয় দল। যদি সুষ্ঠু ভোট হয় তাহলে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি বিএনপি ঐকমত্য কমিশনের সংস্কারের অধিকাংশ ক্ষেত্রে একমত হয়, তাহলে সংস্কারের একটা ভালো ভবিষ্যৎ দেখতে পাই। অন্তর্বর্তী সরকার না থাকলে সংস্কারগুলোর ভবিষ্যৎ কী হবে, বাস্তবায়ন কারা করবে এবং বাস্তবায়ন করার পরে তা মনিটরিং করবে কারা-এসব নানা বিষয় আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এখন যদি রাজনৈতিকভাবে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে যেসব সংস্কারে বিএনপি একমত হয়েছে, সেগুলো তো বিএনপি ফেলে দিতে পারবে না। তা বাস্তবায়ন করবে। সেই জায়গায় সংস্কারগুলো বাস্তবায়নের একটা ইতিবাচক দিক দেখতে পাচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, নির্দিষ্ট আদর্শ আছে। এই সরকার কিন্তু রাজনৈতিক দলের সরকার নয়। তার যে ধরনের চিন্তা-চেতনা-ভাবনা, তা বিএনপির চিন্তার সঙ্গে যে মিলে যাবে তা তো নয়। বিএনপি দীর্ঘ বছর ধরে রাজনীতি করছে। সেই রাজনীতির ধারা থেকে যেসব বিষয়ে বিএনপি একমত, সেগুলোতেই দলটি তার আদর্শের সঙ্গে মিলে গেলে একমত হবে। আর যেগুলো তার রাজনৈতিক আদর্শে মেলে না বা চিন্তা-চেতনায় মেলে না, সেগুলো তারা এখন গ্রহণ করতে পারবে না। আরেকটা বিষয় হলো, সরকারের সব সংস্কারের সঙ্গে বিএনপি তো একমত না-ই হতে পারে। বিএনপি হয়তো পর্যবেক্ষণ করছে। ভবিষ্যতে যদি সেগুলো তাদের কাছে স্পষ্ট হয়, জাতির জন্য ভালো হয়, সময়ের প্রেক্ষিতে পরিষ্কার হয় তখন হয়তো সেগুলোতেও বিএনপি সমর্থন দিতে পারে।

Facebook Comments Box

Posted ৫:০০ এএম | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।