ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় প্রথম জোটসঙ্গী পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট। তার নেতৃত্বাধীন ইয়াশার পার্টি ডানপন্থি বিরোধী দল ইসরায়েল আওয়ার হোমের সঙ্গে জোট গঠনে সমঝোতায় পৌঁছেছে। দলটির প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে এই সমঝোতার ফলে সরকার গঠনের পথে এক ধাপ এগিয়েছেন আইজেনকোট। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এখনো আরও কয়েকটি দলের সমর্থন প্রয়োজন।
এদিকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গেও জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। ফলে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে সরকার গঠন নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। তবে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠন কতটা বাস্তবসম্মত, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরায়েল আওয়ার হোমের প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেন ইয়াশার পার্টির নেতা আইজেনকোট। বৈঠক শেষে দুই দল জোট গঠনে সম্মত হয়। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর সরকার গঠনের লক্ষ্যে এটিই প্রথম জোটসংক্রান্ত সমঝোতা।
ওই নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। ফলে ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই শপথ নেয় ইসরায়েলের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা হারান। তবে বিরোধী দলগুলোও সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন নিশ্চিত করতে পারেনি।
এমন পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটকে দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। অন্যদিকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।
ইসরায়েলের আইন অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।
এই সময়ের মধ্যে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে পরবর্তী সুযোগ পাবেন নেতানিয়াহু। তিনিও ব্যর্থ হলে কোনো পক্ষের পক্ষে সরকার গঠন সম্ভব না হওয়ায় আগামী বছর দেশটিতে আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি লিকুদ পার্টি উগ্র ডানপন্থি ও কট্টর অর্থোডক্স দলগুলোর সঙ্গে জোট করে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছিল। তা সত্ত্বেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি তারা। ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে বর্তমানে এই জোটের আসনসংখ্যা ৫৩।
অন্যদিকে মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টি ও লিবারম্যানের সম্ভাব্য জোটসঙ্গীদের সম্মিলিত আসনসংখ্যা ৪৮। তবে সরকার গঠনের জন্য আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে আইজেনকোটের। এসব দলের হাতে রয়েছে ১৯টি আসন। নেতানিয়াহুর বিরোধিতার প্রশ্নে দলগুলোর সঙ্গে আইজেনকোটের অবস্থানের মিল রয়েছে।
নির্বাচনে আইজেনকোটের দল পেয়েছে ২১টি আসন। অন্যদিকে লিবারম্যানের দল পেয়েছে সাতটি। তাদের জোট গঠনের সিদ্ধান্তকে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে কিছুটা বিস্ময়কর হিসেবে দেখা হচ্ছে। কারণ, আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছিলেন লিবারম্যান। একইভাবে নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনেরও বিপক্ষে ছিলেন তিনি।
এর আগে লিবারম্যান জানিয়েছিলেন, তার প্রধান লক্ষ্য নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো।
এদিকে আইজেনকোট, তার ‘পরিবর্তনপন্থি জোটের’ কয়েকজন শরিক এবং নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়েও আলোচনা চলছে। তবে এ উদ্যোগের কারণে বিরোধী শিবিরের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, আইজেনকোটের সঙ্গে আপাতত আলোচনা স্থগিত করেছে তারা। লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনে আইজেনকোটের আলোচনা এগিয়ে যাওয়ায় এবং ‘পরিবর্তনপন্থি সরকার’ গঠনের উদ্যোগে অচলাবস্থা তৈরি হওয়ায় দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচনে ডেমোক্র্যাটস পার্টি আটটি আসন পেয়েছে। দলটির প্রধান ইয়ার গোলান জানিয়েছেন, নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পক্ষে তিনি।
Posted ৭:০৮ এএম | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।