ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
আদালতের রায়ে আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ২০২৫ সালের শিরোপা ফিরে পেয়েছে সেনেগাল। ক্রীড়া সালিশি আদালতের (সিএএস) সিদ্ধান্তে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আগের রায় বাতিল হওয়ায় আবারও আফ্রিকার চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে দলটি। এর মধ্য দিয়ে মরক্কোর বিপক্ষে ফাইনাল ঘিরে প্রায় ১০ মাস ধরে চলা বিতর্কের অবসান ঘটল।
গত জানুয়ারিতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। অতিরিক্ত সময়ে দলের হয়ে জয়সূচক গোল করেন পাপে গুয়ে। তবে ম্যাচের শেষ দিকে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে চলে যাওয়ায় বিতর্কের সৃষ্টি হয়।
এর প্রায় দুই মাস পর আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল বোর্ড সেনেগালকে পরাজিত ঘোষণা করে এবং মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) আপিল করে সেনেগাল ফুটবল ফেডারেশন।
গত ৮ অক্টোবর সুইজারল্যান্ডের লুজানে তিন সদস্যের একটি প্যানেল আপিলের শুনানি করে। সর্বসম্মত রায়ে আদালত জানায়, ম্যাচ পুনরায় শুরু করা কিংবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা ছিল রেফারির। সেনেগালের খেলোয়াড়েরা মাঠে ফিরে খেলা চালিয়ে যেতে সম্মত হওয়ায় রেফারি ম্যাচ পুনরায় শুরু করেছিলেন। ফলে মাঠের খেলার ফলাফল বহাল থাকবে এবং সেনেগালই ২০২৫ সালের চ্যাম্পিয়ন।
রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রফি হাতে খেলোয়াড়দের ছবি প্রকাশ করে সেনেগাল ফুটবল ফেডারেশন লিখেছে, ‘আবারও এবং চিরকাল।’
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি সিএএফ ও মরক্কো ফুটবল ফেডারেশন। তবে সিএএফ সভাপতি পাত্রিস মোটসেপে আগেই জানিয়েছিলেন, আদালতের রায় মেনে নেবে তার সংস্থা।
ফাইনালে বিতর্কের সূত্রপাত হয় দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। প্রথমে ফাউলের কারণে সেনেগালের একটি গোল বাতিল করেন রেফারি। পরে ভিএআরের সহায়তায় মরক্কোকে পেনাল্টি দেন তিনি। এর প্রতিবাদে সেনেগালের কোচ পাপে থিয়াও খেলোয়াড়দের মাঠ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। পরে তারা মাঠে ফিরলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মরক্কোর ব্রাহিম দিয়াজ।
সিএএসের এই রায়ের মধ্য দিয়ে আফকনের শিরোপার মালিকানা নিয়ে আইনি বিতর্কের অবসান ঘটল। তবে ফাইনাল ঘিরে সৃষ্ট বিতর্ক আফ্রিকান ফুটবলের ভাবমূর্তিতে যে প্রশ্ন তুলেছে, তা কতটা কাটিয়ে ওঠা সম্ভব হবে, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: বিবিসি
Posted ৪:২০ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।