বৃহস্পতিবার ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শাবনূরের সেই সিনেমাগুলোর ভবিষ্যৎ কী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   433 বার পঠিত

শাবনূরের সেই সিনেমাগুলোর ভবিষ্যৎ কী

২০২৩ সালের শেষ দিকে দেশে ফিরে একের পর এক ছবিতে অভিনয়ের ঘোষণা দেন শাবনূর। ঢাকার একটি অভিজাত ক্লাবে ‘রঙ্গনা’ সিনেমার মহরত শেষে শুটিংও শুরু হয়। ‘রঙ্গনা’ পরিচালক আরাফাত হোসাইন জানান, তাঁরই পরিচালিত আরেকটি ছবি ‘এখনো ভালোবাসি’তেও অভিনয় করবেন শাবনূর। কাছাকাছি সময়ে জানা যায়, চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ ছবিতেও অভিনয় করবেন। ঘোষণা ও শুটিং শুরুর পর বছর পার হলেও ছবি তিনটির সেই অর্থে কোনো অগ্রগতি নেই। এদিকে শাবনূরও এখন দেশে নেই। মাঝে আট আট ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন। এসেই অসুস্থ মাকে নিয়ে উড়াল দেন এই নায়িকা। এদিকে চলচ্চিত্র অঙ্গনের কেউ কেউ বলছেন, শাবনূরের তিন ছবির ভবিষ্যৎ অনিশ্চিত। এমনটা মানতে নারাজ তিন ছবির দুই পরিচালক।

শাবনূরের সঙ্গে ‘রঙ্গনা’ ছবির পরিচালক আরাফাত হোসাইন
শাবনূরের সঙ্গে ‘রঙ্গনা’ ছবির পরিচালক আরাফাত হোসাইনছবি : পরিচালকের ফেসবুক
অনেক বছর ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে থাকেন শাবনূর। তবে সময় সুযোগ পেলেই ঢাকায় আসতেন। কোভিড সংক্রমণের কারণে তিন বছর দেশে আসা হয়নি। ২০২৩ সালে আসার পর এই তারকাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন পরিচালক ও প্রযোজক। গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’ দিয়ে ক্যামেরার সামনে ফিরেছিলেন শাবনূর। টানা ছয় দিন শুটিংও করেছিলেন। এর পর থেকে বন্ধ সিনেমাটির কাজ। চলতি বছরের শুরুতে খবর ছড়িয়েছিল, ‘রঙ্গনা’ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে এমন খবরকে ‘গুজব’ বলে জানিয়েছিলেন শাবনূর। কারও কথায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধও করেছিলেন এই ঢালিউড তারকা। এরপর নির্মাতাও জানিয়েছিলেন, শিগগিরই শুরু হবে সিনেমার শেষ ভাগের কাজ। ব্যস ওই পর্যন্তই। কিন্তু এখনো সিনেমার শুটিং শুরু করতে পারেননি নির্মাতা আরাফাত হোসাইন।

চয়নিকা চৌধুরী, শাবনূর ও মাহফুজ
চয়নিকা চৌধুরী, শাবনূর ও মাহফুজছবি : শাবনূরের সৌজন্যে
আজ রোববার সকালে প্রথম আলোকে আরাফাত হোসাইন জানালেন, ‘রঙ্গনা’ শুটিং শেষে ‘এখনো ভালোবাসি’ ছবির কাজ শুরু করবেন। প্রযোজনা প্রতিষ্ঠানও ছবি দুটির ব্যাপারে যথেষ্ট আন্তরিক। এই শীতের মৌসুমে ‘রঙ্গনা’ ছবির শুটিং শুরুর কথাও জানালেন। আরাফাত বললেন, ‘আমাদের গল্প অনুযায়ী, শীতের মৌসুম শুটিংয়ের জন্য উপযুক্ত সময়। তা ছাড়া শাবনূর আপারও গরমের মধ্যে শুটিং করা বেশ টাফ। আমরা সেভাবেই সবকিছু গুছিয়ে নিচ্ছি।’

কথা প্রসঙ্গে পরিচালক আরাফাত হোসাইন বললেন, ‘তবে এটাও ঠিক, আমার কাছের এবং শ্রদ্ধার কয়েকজন মানুষ শাবনূর আপাকে নানান কথা বলেছেন। তাঁরা এমনও বলেছেন, আমার পরিচালনায় ছবি যেন না করেন। তাঁরা ভেবেছিলেন, শাবনূর আপা তাঁদের কথা শুনে আমার ওপর বিশ্বাস হারাবেন। বিষয়টা মোটেও এমন নয়। তিনি আমার ব্যাপারে আস্থাশীল। ছবির গল্প ও শুটিংয়ের পরিকল্পনা নিয়ে আমাদের প্রায়ই কথা হয়। আশা করছি, ছবি বানিয়ে দর্শকের কাছে পৌঁছে দিতে পারব।’

ঈদুল ফিতরের আগে মাত্র আট ঘণ্টার জন্য দেশে এসেছিলেন শাবনূর। অসুস্থ মাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতেই হুট করে তাঁর এই আসা। এ সময়টায় পরিচালক আরাফাতের সঙ্গে কথা হয়েছে বলেও জানান। অন্যদিকে ‘মাতাল হাওয়া’ নিয়েও কোনো আশার কথা শোনাতে পারেননি নির্মাতা চয়নিকা চৌধুরী। ছবির নাম ঘোষণার সময় যদিও তিনি জানিয়েছিলেন, শুটিং নিয়ে কোনো তাড়াহুড়া নেই। কারণ, চরিত্রটির জন্য শাবনূরের প্রস্তুতির বিষয়ও আছে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে পরিচালক চয়নিকা জানান, শাবনূরকে তাঁর মতো সম্মান দিয়েই পর্দায় আনবেন তিনি, নয়তো সিনেমাটি করবেন না

Facebook Comments Box

Posted ৬:৩৬ পিএম | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।