ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত

অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নিয়ে প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বাড়ানোর আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন।
শুনানি শেষে সাংবাদিকদের তানজিন তিশা বলেন, ‘মামলায় অনেকগুলো মিথ্যা কথা বলা হয়েছে। আমি শাড়ি আত্মসাৎ বা এটা নিয়ে প্রতারণা, এমন কিছুই করিনি।’
তিনি বলেন, ‘২৮ হাজার টাকার একটা শাড়ি নাকি আত্মসাৎ করেছি। আমার ১৫ বছরের ক্যারিয়ার। একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়।’
তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, জামিন বর্ধিতের পরবর্তী তারিখ এবং চার্জ শুনানির তারিখ আদালত থেকে বিকেলে জানা যাবে।
মামলার নথি সূত্রে জানা গেছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন।
তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই অভিনেত্রীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। সেই মামলার ধারাবাহিকতায় মঙ্গলবার আদালতে হাজির হন তিনি।
তানজিন তিশা বলেন, ‘অনেকের মনে হতে পারে আমি আবারও আদালতে আসলাম কেন? কারণ হলো, আমি আইনের প্রতি বিশ্বাস করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সে বিশ্বাস থেকে আমি আবারও আসছি এবং আমার যদি আরও পাঁচবার আসা লাগে, আমি আবারও আসব।’
তিনি বলেন, ‘দিনশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা এ দেশে বাঁচতে চাই এবং সত্যতা নিয়ে বাঁচতে চাই। কেউ যদি আইনের অপব্যবহার করে, আমি সেটা কোনোভাবে সাপোর্ট করি না।’
মামলার বাদী দুই বোনকে নিয়ে তানজিন তিশা বলেন, ‘তারা দুই বোন এবং এটা আপনারা হয়তো জানেন না, তারা একটা সিন্ডিকেট। আমি আসলে এত কমপ্লিকেটেড ওয়েতে চিন্তাই করতে পারি না। আমি শুধু জানি যে ক্ষমতার অপব্যবহার করা উচিত না। আমার কোনো ক্ষমতা নেই।’
Posted ১০:৫১ এএম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।