নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত

লাইবেরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়ার প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ অক্টোবর ২০২৬, রোববার, সোমালিয়া ড্রাইভে কমিউনিটির উপদেষ্টা আরশ আলীর হোটেলে উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
দুপুর ২টায় প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। পরে বিকেল ৪টায় শুরু হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিউনিটির উপদেষ্টা জাকির হোসেন। দপ্তর ও প্রচার সম্পাদক রাজিবুল্লাহ খানের সঞ্চালনায় বক্তব্য দেন কমিউনিটির সভাপতি মাহবুবুর রহমান সরদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা রিনা ও অনু খন্দকার।
এ ছাড়া কমিউনিটির উপদেষ্টা মো. বাবুল, উপদেষ্টা আমির হোসেন বুলু, সহসভাপতি মো. সোলাইমান কবির, সহসভাপতি এহসান কবির সোহাগ ও ধর্মবিষয়ক সম্পাদক শ্রী লিটন কুমার দাসসহ অন্য সদস্যরা বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কমিউনিটির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ জিয়াদ। এরপর দীপান্বিতা রাণী দাস গীতা পাঠ করেন। পরে শুরু হয় আলোচনা সভার আনুষ্ঠানিক কার্যক্রম।
প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়া দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করছে। সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে।
তিনি জানান, আগামী তিন মাস পর অনুষ্ঠেয় সাধারণ সভা কমিউনিটির স্থায়ী কার্যালয়ে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
সভাপতি মাহবুবুর রহমান সরদার বক্তব্যের শুরুতে প্রয়াত রাকিব আলম, রাজিব হাওলাদার, আশিকুর রহমান ও বিশ্বজিতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়া প্রতিষ্ঠার উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রাখা রাকিব আলম এবং বর্তমানে জার্মানিতে অবস্থানরত রাকিব হাসানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
মাহবুবুর রহমান সরদার বলেন, কমিউনিটির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে একটি স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। এ লক্ষ্য বাস্তবায়নে সব সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভাপতি জানান, বর্তমানে লাইবেরিয়ায় প্রায় ৪০০ বাংলাদেশি বসবাস করছেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১০৬ জন বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়ার সদস্য হয়েছেন।
কমিউনিটির সদস্যদের নিজের পরিবারের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সদস্যদের সুখে-দুঃখে তিনি সব সময় পাশে থাকবেন।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।
Posted ৮:০৫ পিএম | সোমবার, ১২ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।