নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ মে ২০২৫ | প্রিন্ট | 266 বার পঠিত
রেলওয়ে উন্নয়নের নামে শেখ হাসিনার সরকারের আমলে ব্যাপক লুটতরাজ হয়েছে। হাসিনার একক ইচ্ছায় সাড়ে ১৫ বছরে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে বিশেষ দুটি প্রকল্পসহ ৯৭টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অভিযোগ-লুটপাট করতে বড় প্রকল্পগুলো একপ্রকার সমীক্ষা ছাড়াই নেওয়া হতো। এগুলোর সময় ও ব্যয় বাড়িয়ে ১০-১৫ গুণ বেশি দেখানো হতো। এসব প্রকল্প থেকে ১৫ থেকে ৩৫ শতাংশ অর্থ লুটপাট করা হয়েছে।
এজন্য শেখ হাসিনা, বোন শেখ রেহানা, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি এবিএম ফজলে করিমসহ সাবেকমন্ত্রী ও প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। সেখানে দুর্নীতিতে মুখ্য ভূমিকা রেখেছেন সংসদীয় কমিটির সদস্যরা।
২০১১ সালে গঠিত রেলপথ মন্ত্রণালয়ে পর্যায়ক্রমে ছয়জন রেলপথমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এ মন্ত্রণালয়ে টানা সংসদীয় কমিটির সভাপতি ছিলেন ফজলে করিম চৌধুরী। মন্ত্রণালয়ের নথিপত্র অনুযায়ী, পরিকল্পনাহীন উন্নয়নে শুধু লুটপাটের উদ্দেশ্যে শেখ হাসিনা রেলপথ মন্ত্রণালয়ের বরাদ্দ ৩৬০ কোটি থেকে ১৮ হাজার কোটি টাকা বাড়িয়েছেন। অস্বাভাবিক ব্যয়ে চলমান পৌনে দুই লাখ কোটি টাকার প্রকল্পের মধ্যে বেশ কয়েকটির কাজ বন্ধ রয়েছে।
এছাড়া লুটপাটের আশায় আরও প্রায় পৌনে ৬ লাখ কোটি টাকার মহাপরিকল্পনাও করেছিলেন শেখ হাসিনা। দুই বোনের (হাসিনা-রেহানা) দুর্নীতিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে অভিযোগের পর অভিযোগ পড়ছে। রেল অঙ্গনে ফজলে করিম চৌধুরী ও ছেলে ফারাজ করিম চৌধুরীর ত্রাসের রাজত্বের চিত্র বেরিয়ে আসছে। ব্যবসা টিকিয়ে রাখতে প্রকল্প ও কর্মকর্তাদের জিম্মি করে তারা অর্থ লুটপাট করতেন। মাঠপর্যায়ের রেল কর্মকর্তা-ঠিকাদারদের নির্যাতন করতে চট্টগ্রাম শহরে বাপ-বেটা মিলে টর্চার সেল তৈরি করেন। টর্চার সেলে নিয়মিত বৈঠক-সভা বসাতেন ফজলে করিম ও ফারাজ করিমরা।
এ প্রসঙ্গে রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান যুগান্তরকে বলেন, পুরো রেলে উন্নয়নের নামে যে লুটতরাজ হয়েছে, তা পদে পদেই স্পষ্ট হয়ে উঠছে। দুদকসহ আমাদের মন্ত্রণালয়ে বহু অভিযোগ পড়েছে।
এসব অভিযোগের সত্যতাও মিলছে। দুদক অনুসন্ধান করছে, আমরাও সহযোগিতা করছি। ফজলে করিম ও ফারাজের নামে-বেনামে রেলে ব্যবসা রয়েছে-এমন অভিযোগ পাওয়া গেছে। সব অনিয়ম-দুর্নীতির তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। দুর্নীতিবাজ ব্যক্তি এবং ফ্যাসিস্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, অধিকাংশ প্রকল্প সমীক্ষা ছাড়া গ্রহণ ও বাস্তবায়ন করায় সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। রেলে ব্যাপক লুটপাটে ফজলে করিম, সাবেক রেলপথমন্ত্রী, সচিব, রেলওয়ে ডিজি ও প্রকল্প পরিচালকরা সমর্থন করেছেন। ফজলে করিম ছিলেন উন্নয়ন প্রকল্পের ঘোষিত ত্রাস। তার নেতৃত্বে গড়ে ওঠে লুটতরাজের শক্তিশালী চক্র। এ চক্রের অন্যতম সদস্য ছিলেন চট্টগ্রামের যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। বাবরের সঙ্গে সহযোগী ছিলেন শতাধিক ছাত্রলীগ-যুবলীগ নেতা। রেলে টেন্ডার-চাঁদাবাজি ও প্রকল্পের আদ্যোপান্ত তারা নিয়ন্ত্রণ করত।
পূর্বাঞ্চল রেলের সিআরবি পশ্চিমাঞ্চল রেলওয়ে সদরসহ দুই অঞ্চলের চারটি বিভাগ নিয়ন্ত্রণ হতো ফজলে করিমের ইশারায়। তার সঙ্গে তাল মেলাতেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। রেলের ক্রয়সংক্রান্ত বিষয় থেকে শুরু করে প্রকল্প অনুযায়ী চাঁদা ও পার্সেন্ট পৌঁছে যেত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার দরবারে।
Posted ৫:৫১ এএম | শনিবার, ১০ মে ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।