বিনোদন ডেস্ক | শনিবার, ২৩ মে ২০২৬ | প্রিন্ট | 174 বার পঠিত

ঢালিউড নায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ ঈদে মুক্তি পাচ্ছে। দুটি পোস্টার প্রকাশ্যের পর সিনেমাটির ট্রেলার এলো আজ সন্ধ্যায়, যা দর্শকদের মাঝে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে।
সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন ঘরানার ‘মালিক’-এ দেখা যাবে এক জেদি মানুষের গল্প, যে মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াইয়ে নেমে ধীরে ধীরে হয়ে ওঠে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি। সেই ‘মালিক’ চরিত্রেই অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে বিদ্যা সিনহা মিমকেও দেখা যাবে ভিন্নধর্মী অ্যাকশন অবতারে। চরিত্রটির জন্য তিনি নিয়েছেন মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির বিশেষ প্রশিক্ষণ।
২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলারে অন্য সব সংলাপের মত আরিফিন শুভর একটি সংলাপ দর্শকদের বেশ চমকে দিয়েছে, তা হল- ‘আই অ্যাম নট ব্যাড বয়, আই অ্যাম সাইকো।’ এছাড়া ট্রেলারের বিভিন্ন সংলাপে ক্ষমতা ও আধিপত্যের লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে।
অন্য একটি সংলাপে বলা হয়, ‘দেশি বিদেশি জাহাজ মাল ঘাটে ঢুকবে, সবকিছুর ওপর কন্ট্রোল থাকবে”। এমন সংলাপে স্পষ্ট যে, সিনেমার কাহিনী হয়তো কোনো বন্দর বা ঘাটের অন্ধকার জগৎ ও সেখানকার একচ্ছত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
এছাড়া ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে খলচরিত্রে বরাবরের মতোই দুর্ধর্ষ অবতারে হাজির হতে যাচ্ছেন মিশা সওদাগর।
এর পাশাপাশি অভিনেত্রী মিমকেও এ সিনেমায় একদম নতুন ও চমকপ্রদ একটি চরিত্রে আবিষ্কার করেছেন পরিচালক সাইফ চন্দন। যাকে লেডিসুপারস্টার হিসেবে দেখা যাবে পর্দায়।
নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘অ্যাকশন সিনেমা হলেও এতে আবেগ, সম্পর্ক আর দারুণ একটি গল্প আছে। শিল্পীরা অসাধারণ কাজ করেছেন। পোস্টার, গান ও ট্রেলার দেখার পর দর্শক আরও চমকে যাবে। আমরা বিশ্বাস করি ঈদে দর্শক উপভোগ করার মতো একটি সিনেমা পাচ্ছেন।’
সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা।
Posted ৩:৪৩ এএম | শনিবার, ২৩ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।