ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিএনপি, এনসিপি কিংবা সরকার কারোর সঙ্গেই দূরত্ব চায় না জামায়াত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   325 বার পঠিত

বিএনপি, এনসিপি কিংবা সরকার কারোর সঙ্গেই দূরত্ব চায় না জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সরকার, বড় রাজনৈতিক দল বিএনপি ও তরুণদের দল এনসিপি-কারোর সঙ্গেই দূরত্ব চায় না দলটি। এজন্য নির্বাচনের সময়সীমা ইস্যুতে বারবার অবস্থান পরিবর্তন কৌশলেরই অংশ। বিএনপির সঙ্গে থাকার বিষয়ে জামায়াতের ওপর তৃণমূলের একটি বড় অংশের চাপ রয়েছে।

আগামী দিনে বিরোধী দলে থাকলে দলের জন্য বড় ক্ষতি হতে পারে-এমনটি মনে করছে তৃণমূল। আবার সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেও চলতে চায়। কারণ, দলের নিবন্ধন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়টিও ঝুলে আছে। অন্যদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করে তরুণদের দল এনসিপির সঙ্গেও দূরত্ব চায় না। নির্বাচন সামনে রেখে এমন নানা হিসাবনিকাশ করেই একেক সময় একেক কৌশল নিচ্ছে জামায়াত। দলটির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করা হলেও নির্বাচনি মাঠ গোছাচ্ছে জামায়াত। দুই শতাধিক আসনে সম্ভাব্য প্রার্থীও ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের সময়সীমা নিয়ে দলীয় অবস্থানকে অনেকে ‘অস্পষ্ট’ বলছেন। পাশাপাশি এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়েও দলীয় অবস্থান নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনা করছেন।

গত ১৬ এপ্রিল মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছিলেন, প্রথম রমজানের আগেই তারা জাতীয় সংসদ নির্বাচন চান। ঠিক এর পরদিন এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির বলেন, প্রয়োজনীয় সংস্কার, দৃশ্যমান বিচারসহ তিন দাবি পূরণ হলে নির্বাচন হতে পারে। ১৯ এপ্রিল লালমনিরহাটে এক জনসভায় জামায়াতের আমির বলেন, নির্বাচনে আগে অবশ্যই সরকারকে দুটি কাজ নিশ্চিত করতে হবে-খুনিদের বিচার দৃশ্যমান ও প্রয়োজনীয় সংস্কার। সর্বশেষ শুক্রবার (গতকাল) ময়মনসিংহে এক কর্মী সম্মেলনে তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জামায়াতের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিবন্ধন পাওয়া। অধিকাংশ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হলেও দলটি প্রতীক নিয়ে তেমন প্রচারণা করতে পারছে না, যা রাজনৈতিক মাঠে জামায়াতকে পেছনে ফেলে দিচ্ছে। কৌশল হিসাবেই সরকার, বিএনপি ও এনসিপি-সবার সঙ্গে সম্পর্ক রাখছে। এনসিপির সঙ্গে সম্পর্ক রাখার কারণ সরকারে তাদের প্রভাব আছে।

Facebook Comments Box

Posted ৫:২৯ এএম | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।