| বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | প্রিন্ট | 131 বার পঠিত

মহাসমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবারে নয়াপল্টনে করার ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার (২৬ জুলাই) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশ পিছিয়ে দেওয়ার ঘোষণা এসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকেও। রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠ শান্তি সমাবেশের জন্য উপযোগী না হওয়ায় বৃহস্পতিবারের সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার করা হয়েছে।
বৃহস্পতিবার কর্মদিবসে বড় দুই দলের কর্মসূচি নিয়ে দিনভর ছিল আলোচনা। এদিন দুপুরে রাজধানীর লালবাগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘রাজনৈতিক কর্মসূচিতে মানুষের ভোগান্তি সৃষ্টি হলে বাধ্য হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।’ পরে পুলিশ বিএনপিকে গোলাপবাগে সমাবেশ করার পরামর্শ দেয়। দলটি অবশ্য ডিএমপিকে চিঠি দিয়ে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার আগ্রহের কথা জানিয়েছিল।
বিষয়টি নিয়ে সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। ওই বৈঠক শেষে সমাবেশের তারিখ পরিবর্তনের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনকে এগিয়ে নিতে ২৭ জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে ২৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন দুপুর ২টায় নয়াপল্টনে পূর্বঘোষিত মহাসমাবেশ করবে।’
এদিকে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল রাতে জানান, জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে এবং পুরোনো বাণিজ্যমেলার মাঠটি ব্যবহারের উপযোগী না হওয়ায় মাঠটি প্রস্তুত করতে এক দিনের সময় চাওয়া হয়েছে। তাই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার দুপুর ২টায় আগারগাঁও পুরোনো বাণিজ্যমেলার মাঠে অনুষ্ঠিত হবে।
Posted ১:৩৬ এএম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।