ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নির্বাচনের আগে বড় চাপে নেতানিয়াহু, জরিপে ১২ পয়েন্টে এগিয়ে আইজেনকট

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

নির্বাচনের আগে বড় চাপে নেতানিয়াহু, জরিপে ১২ পয়েন্টে এগিয়ে আইজেনকট

ইসরায়েলের আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে জনমত জরিপে পিছিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর চেয়ে বেশি সমর্থন পাচ্ছেন সাবেক সেনাপ্রধান ও বিরোধী রাজনীতিক গাদি আইজেনকট। পাশাপাশি, পার্লামেন্ট নির্বাচনে আইজেনকটের দল ইয়াশার সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে নতুন জরিপ।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত চ্যানেল টুয়েলভের এক জনমত জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকটকে বেশি উপযুক্ত মনে করেন ৪৫ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে মত দিয়েছেন ৩৩ শতাংশ। দুই নেতার মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ১২ শতাংশ পয়েন্টে। এর আগের জরিপে এই ব্যবধান ছিল ১০ শতাংশ পয়েন্ট।

নেসেটে এগিয়ে আইজেনকটের দল

নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি থাকতে প্রকাশিত জরিপে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে দলগুলোর সম্ভাব্য আসনসংখ্যার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

জরিপ অনুযায়ী, আইজেনকটের দল ইয়াশার পেতে পারে ২৪টি আসন। নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ২১টি আসন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল টুগেদার পেতে পারে ১৪টি আসন।

এ ছাড়া ইয়ার গোলানের ডেমোক্র্যাটস এবং আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট পেতে পারে ৯টি করে আসন। আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু পার্টি, কট্টর অর্থোডক্স ইহুদিদের দল শাস এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের জিউইশ পাওয়ার পার্টি পেতে পারে আটটি করে আসন।

জরিপে বলা হয়েছে, নেতানিয়াহুবিরোধী ইহুদি-নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ৫৫টি আসন পেতে পারে, যা আগের জরিপের তুলনায় দুই আসন বেশি। বিপরীতে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট পেতে পারে ৫১টি আসন।

অন্যদিকে, আরব দল দুটি মিলিয়ে পেতে পারে আরও ১৪টি আসন। সে হিসাবে নেতানিয়াহুর জোটের বাইরে থাকা দলগুলোর মোট আসন দাঁড়াতে পারে ৬৯টিতে। তবে এসব দল একজোট হয়ে সরকার গঠন করবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

প্রধানমন্ত্রী হিসেবে বেনেটও এগিয়ে

প্রধানমন্ত্রী হিসেবে কে বেশি উপযুক্ত, সেই প্রশ্নেও নেতানিয়াহুর চেয়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। জরিপে ৩৯ শতাংশ উত্তরদাতা বেনেটকে বেশি উপযুক্ত মনে করেন। নেতানিয়াহুর পক্ষে মত দিয়েছেন ৩৪ শতাংশ। আর ২২ শতাংশ উত্তরদাতার মতে, তাঁদের কেউই প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত নন।

ট্রাম্পের সমর্থনে ভোটের সিদ্ধান্ত বদলাবে না অধিকাংশের

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন নেতানিয়াহুর ভোটে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়েও জরিপে প্রশ্ন করা হয়।

এতে ৬৪ শতাংশ ইসরায়েলি জানিয়েছেন, নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন তাঁদের ভোট দেওয়ার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না। অন্যদিকে, ১৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, ট্রাম্পের সমর্থনের কারণে লিকুদ পার্টিকে ভোট দেওয়ার সম্ভাবনা তাঁদের কমেছে। বিপরীতে ১২ শতাংশ জানিয়েছেন, ট্রাম্পের সমর্থন নেতানিয়াহুর দলের প্রতি তাঁদের সমর্থন বাড়িয়েছে।

এর আগে গত রোববার নেতানিয়াহুর প্রতি প্রকাশ্যে সমর্থন জানান ট্রাম্প। এ সময় তিনি নেতানিয়াহুর নেতৃত্ব এবং ওয়াশিংটনের সঙ্গে তাঁর অংশীদারত্বের প্রশংসা করেন। বিশেষ করে ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর অবস্থানের বিষয়টি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।

Facebook Comments Box

Posted ৬:৫২ এএম | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।