নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 211 বার পঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্গোৎসব ঘিরে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো ও সাম্প্রদায়িক উস্কানিদাতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এবার দুর্গাপূজা উপলক্ষে সশস্ত্র বাহিনীর এক লাখ সদস্যের পাশাপাশি ৪৩০ প্লাটুন বিজিবি, ৭০ হাজার পুলিশ, মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক ছাড়াও পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন থাকছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সারাদেশে ২ হাজার ৭৫৮টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে ২৪টি বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পূজা ঘিরে কোনো ধরনের ঝুঁকি কাজ করছে না। এবার মণ্ডপের সংখ্যা যে রকম বেড়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে।
কোর কমিটির বৈঠকে দুর্গাপূজা ছাড়াও খাগড়াছড়ির পরিস্থিতি, একুশে বইমেলা, সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
পূজায় নাশকতার শঙ্কা রয়েছে কিনা– জানতে চাইলে উপদেষ্টা বলেন, কোনো ধরনের ঝুঁকি নেই। এবার পূজা অবশ্যই ভালো হবে। ফ্যাসিস্টের দোসররা সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এসব রোধে গণমাধ্যমকে সঠিক তথ্য প্রচার করতে হবে।
পূজার নিরাপত্তা ডিজিটাল সিস্টেমে মনিটরিং হচ্ছে : আনসার মহাপরিচালক
বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, পূজার নিরাপত্তায় সারা দেশে দুই লাখ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি এখন থেকে আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্যের কার্যক্রম ডিজিটাল সিস্টেমে মনিটরিং করা হবে, যাতে কোনো অনিয়মের সুযোগ না থাকে। এ ছাড়া যানবাহনও জিপিআরএস প্রযুক্তির আওতায় আনা হচ্ছে। গতকাল রোববার রাজধানীর খিলগাঁও আনসার সদরদপ্তরে পূজামণ্ডপের নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
কেউ দুষ্টুমি করার সুযোগ পাবে না: ডিএমপি কমিশনার
রাজধানীর ৮৯ পূজামণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গতকাল বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে ২৫৪ মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। পূজামণ্ডপের নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা রয়েছে। ফলে কেউ দুষ্টুমি করার সুযোগ পাবে না। দুষ্টুমি করলে আইনের আওতায় আনা হবে।
পূজামণ্ডপ উদযাপন পরিষদের সঙ্গে পরামর্শ করে ২৪ ঘণ্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে ১১ থেকে ৫০ জন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকছে। সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোর প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করা হয়েছে। বিজয়া দশমীতে বিসর্জন শোভাযাত্রার জন্য আলাদা নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।
Posted ৪:৩৬ এএম | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।