ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারে: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   270 বার পঠিত

কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারে: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি নেই এই নির্বাচন ঠেকানোর। সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে রোববার সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেস সচিব। এ সময় তিনি বলেন, পরাজিত শক্তি বেপরোয়া হয়ে উঠেছে। শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে সব শক্তি নিয়ে মাঠে নামছে। এছাড়া তিনি জানান, দুর্গাপূজার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

রোববার বিকালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকে সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করা নিয়েও আলাপ হয়েছে এবং এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শফিকুল আলম বলেন, উপদেষ্টামণ্ডলীর বৈঠক থেকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি যেন বিঘ্নিত না হয়, সে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আসন্ন দুর্গাপূজা নিয়ে তিনি বলেন, দুর্গাপূজা যেন নির্বিঘ্ন হয়, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যেন আগে থেকে নেওয়া হয়; সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কেও নির্দেশ দেওয়া হয়েছে। তারা যেন সব ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। গত কিছু দিনে বেশকিছু ঘটনা ঘটেছে। এর আলোকে ব্যবস্থা নিতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়। সিদ্ধান্ত হয়েছে, ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পরাজিত শক্তি বেপরোয়া হয়ে উঠেছে। সার্বিক শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে তারা সব শক্তি নিয়ে মাঠে নামছে। এজন্য নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস সচিব বলেন, উপদেষ্টামণ্ডলীর বৈঠক থেকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে পদক্ষেপ নিতে বলা হয়েছে। শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনায় আসে-পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি যখন দেখছে দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে। এছাড়া জুলাইয়ের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়াও এগিয়ে যাচ্ছে, তখন নিজেদের রক্ষা করতে মরিয়া ও বেপরোয়া হয়ে মাঠে নামার চেষ্টা করছে। এর ফলে তারা দেশের সার্বিক শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে সব শক্তি নিয়ে মাঠে নামছে।

প্রেস সচিব বলেন, এটা এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নয়, এটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ফলে দেশের সার্বিক নিরাপত্তা সুরক্ষার প্রশ্নে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সরকার মনে করে, দেশের স্বার্থে জনগণের সঙ্গে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। জুলাই গণ-অভ্যুত্থানকে সামনে রেখে রাজনৈতিক ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।

 

প্রেস সচিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন, ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

Facebook Comments Box

Posted ৩:৫৩ এএম | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।