নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 20 বার পঠিত

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে আতাউর রহমান আতা মিয়া (৬০) নামে এক চালককে হত্যার অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধা মায়েরও মৃত্যু হয়েছে। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর-শিমুলতলী সড়কের একটি নির্জন স্থান থেকে আতা মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত আতা মিয়া নরোত্তমপুর বাটনা গ্রামের বাসিন্দা। স্বজনদের দাবি, বৃদ্ধ বয়সেও তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ভাড়ার কথা বলে ছিনতাইকারীরা তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে বলে ধারণা করছেন তারা।
আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
এদিকে ছেলের মৃত্যুর খবর শোনার পর তার বৃদ্ধা মায়েরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। পরপর দুই স্বজনকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Posted ৭:৩৯ এএম | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।