মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় এবারের ‘ইত্যাদি’

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   77 বার পঠিত

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় এবারের ‘ইত্যাদি’

শিকড়ের সন্ধানে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অনুষ্ঠান ধারণের ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। এবারের মঞ্চ নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে নির্মিত শতাধিক বছরের পুরোনো ‘হাজারদুয়ারি’ নামে পরিচিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

ঐতিহাসিক এই স্থানে অনুষ্ঠান ধারণকে কেন্দ্র করে পুরো চুয়াডাঙ্গা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানস্থলের চার পাশে বসে জমজমাট মেলা, স্থানীয় দোকানিরা সাজিয়ে বসেন নানা পণ্যের পসরা। দুপুরের পর থেকেই দর্শকদের ঢল নামে অনুষ্ঠানস্থলে।

প্রতিবারের মতো এবারও দর্শকদের জন্য ছিল বিশেষ আমন্ত্রণপত্রের ব্যবস্থা, যা জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দামুড়হুদা উপজেলায় ধারণ হলেও দর্শকরা আসেন চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা মেহেরপুর ও ঝিনাইদহ থেকে। শীত উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে তারা উপভোগ করেন তাদের প্রিয় অনুষ্ঠানটির ধারণ।

এবারের পর্বে রয়েছে দুটি গান। একটি গান গেয়েছেন চুয়াডাঙ্গার সন্তান লোকসংগীতশিল্পী বিউটি ও জনপ্রিয় শিল্পী পান্থ কানাই। গানটির কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। অনুষ্ঠানের শুরুতেই চুয়াডাঙ্গার ইতিহাস ও কৃষ্টিকথা তুলে ধরে হানিফ সংকেতের সুরে একটি পরিচিতিমূলক গান ও নৃত্য পরিবেশিত হয়, যা দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।

ইত্যাদির এই পর্বে রয়েছে চুয়াডাঙ্গার ইতিহাস-ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন। পাশাপাশি রয়েছে ‘বন্য প্রাণী ও পাখির গ্রাম’ হিসেবে পরিচিত বেলগাছি গ্রামের পাখিপ্রেমী তরুণ বখতিয়ার হামিদ, বিশ্বের অন্যতম সেরা জাত ব্ল্যাক বেঙ্গল গোট, খেজুরগাছিদের জীবনসংগ্রাম, আধুনিক কৃষিচর্চা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত কাশিপুর জমিদারবাড়ি এবং কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য আটচালা ঘর নিয়ে বিশেষ প্রতিবেদন।

বিদেশি প্রতিবেদনে দেখানো হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ওয়াক অফ ফেইম। এ ছাড়াও চিঠিপত্র পর্ব ও সমসাময়িক সামাজিক অসংগতি নিয়ে থাকছে তীক্ষ্ণ ও ব্যঙ্গাত্মক নাট্যাংশ। পর্বটিতে অভিনয় করেছেন আবু হেনা রনি, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, বিলু বড়ুয়াসহ আরও অনেকে।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। চুয়াডাঙ্গায় নির্মিত পর্বটি প্রচারিত হবে আগামী ২৬ ডিসেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর, বাংলাদেশ টেলিভিশনে।

Facebook Comments Box

Posted ৫:৩৬ পিএম | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।